সারা আলি খান ও ওরির বন্ধুত্বে ভাঙন। এলভিশ যাদবের পডকাস্টে ইব্রাহিম আলি খানকে ‘নির্লজ্জ’ বলে মন্তব্য ওরির। অমৃতা সিংয়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি ঘিরে নতুন বিতর্ক।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 29 January 2026 12:04
দ্য ওয়াল ব্যুরো: সেই ছোট বেলার স্কুলজীবনের বন্ধুত্ব, আজ তা প্রকাশ্য একে অপরের উপর কটাক্ষে (Bollywood controversy) এসে দাঁড়িয়েছে। ফলে দূরত্বও বেড়েছে। কথা হচ্ছে সারা আলি খান ও ওরহান আত্রামানি ওরফে 'ওরি'কে (Orhan Awatramani) ঘিরে। একসময় যাঁদের বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় চর্চা ছিল, সেই সম্পর্কেই এখন স্পষ্ট ভাঙন। আর সেই ভাঙনের কেন্দ্রে রয়েছে ওরির একের পর এক বিতর্কিত মন্তব্য।
সম্প্রতি সারার পোশাক নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন ওরি। শুধু সারা নন, তাঁর মা অমৃতা সিংকেও আক্রমণের নিশানায় এনেছিলেন তিনি। এখানেই থামেননি ওরি। এবার সরাসরি সারা আলি খানের ভাই ইব্রাহিম আলি খানকে (Ibrahim Ali Khan) ‘নির্লজ্জ’ বলে সম্বোধন করে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন। এই মন্তব্য ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়েছে বিষয়টি।
এলভিশ যাদবের একটি পডকাস্ট শোয়ে হাজির হয়ে পতৌদি পরিবারের সদস্যদের নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন ওরি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বলিউডে সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি কে? উত্তরে ওরি সাফ বলেন, “এক এবং একমাত্র ইব্রাহিম। ওর মতো নির্লজ্জ আর কেউ নেই বলিউডে। চাইলে ওকেও তোমার শোয়ে ডাকতে পার।” এই মন্তব্যের পরই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
একই পডকাস্টে সারা আলি খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও খোলামেলা কথা বলেন ওরি। জানান, শুরুতে একটি অ্যাপে সারাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতেন তিনি, যদিও তখন সারা তাঁর ব্যক্তিগত পরিচিত ছিলেন না। পরে নিউ ইয়র্কে গিয়ে প্রথমবার তাঁদের মুখোমুখি দেখা হয়। একসঙ্গে ডিনারেও যান দু’জনে। এরপর সারা তাঁকে পতৌদি প্যালেসে আমন্ত্রণ জানান। তবে সেখানে খাওয়ানো ছোলে ভাতুরে একেবারেই ভাল লাগেনি ওরির। তাঁর কথায়, নিউ ইয়র্কে যে বন্ধুত্বের শুরু, সেটাই এখন পুরোপুরি শেষ।
এই বিতর্কের সূত্রপাত যে ওরির দিক থেকেই, তা বলিপাড়ার অন্দরে স্পষ্ট। সম্প্রতি একটি রিল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “সারা, অমৃতা, পলক—এই তিনটে নাম খুব খারাপ।” এখানে উল্লেখযোগ্য, সারা আলি খানের মা অমৃতা সিং এবং দীর্ঘদিন ধরেই সারা’র ভাই ইব্রাহিমের সঙ্গে পলক তিওয়ারির সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। ফলে এই মন্তব্য স্বাভাবিকভাবেই আরও আগুনে ঘি ঢালে।
ওরির মন্তব্যের পর কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া না দিলেও সারা ও ইব্রাহিম দু’জনেই তাঁকে ইনস্টাগ্রামে আনফলো করেন। পাশাপাশি, ইঙ্গিতপূর্ণ একটি পোস্টে সারা ওরিকে ‘বিতর্কে না জড়াতে’ সতর্কও করেন। যদিও এই টানাপড়েনের মাঝেও ওরি দাবি করেছেন, অমৃতা সিং তাঁর কাছে ক্ষমা চাইলে তবেই এই তিক্ততার অবসান ঘটবে।