‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ জানিয়েছেন জীবনের কঠিন সময়ের কথা।

‘হ্যারি পটার’
শেষ আপডেট: 11 March 2026 15:37
দ্য ওয়াল ব্যুরো: অল্প বয়সেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ (Daniel Radcliffe)। দর্শকদের কাছে তিনি বেশি পরিচিত হ্যারি পটার নামেই। তাঁর অভিনীত হ্যারি পটার (Harry Potter) একসময় গোটা বিশ্বের এক প্রজন্মের শৈশবকে রঙিন করে তুলেছিল। তবে জনপ্রিয়তার সেই উজ্জ্বল সাফল্যের আড়ালেই জীবনের এক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল অভিনেতাকে। একসময় সিগারেট ও অ্যালকোহলের নেশায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথাই খোলাখুলি জানিয়েছেন ড্যানিয়েল।
অভিনেতার কথায়, মাত্র ১৮ বছর বয়স থেকেই তিনি সিগারেট ও অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। ছোটবেলায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর তাঁর মনে হয়েছিল, আরও ভালো কাজ করতে হবে এবং দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠতে হবে। সেই চাপ ও প্রত্যাশা থেকেই তিনি মদ্যপান ও ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়েন। কিন্তু সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাঁর জন্য বিপরীত ফলই বয়ে আনে।
ড্যানিয়েল জানান, এই অভ্যাস তাঁর শরীর ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। ২০১০ সালের দিকে তিনি নিজের শরীরে নানা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন। তখনই সমস্ত নেশা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেই লড়াই সহজ ছিল না। ২০১২ সালে আবারও তিনি নেশার দিকে ঝুঁকে পড়েন এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনেন অভিনেতা। নেশা থেকে মুক্তি পেতে তিনি ফিটনেসের দিকে বিশেষভাবে নজর দিতে শুরু করেন। সিগারেট ও অ্যালকোহল সম্পূর্ণভাবে ছেড়ে দেন, এমনকি কফি পানও অনেকটাই কমিয়ে দেন। ধীরে ধীরে এই পরিবর্তনের ফল মিলতে শুরু করে এবং তাঁর জীবনে নতুন ইতিবাচক অধ্যায় শুরু হয়।
উল্লেখ্য, লেখিকা জে কে রাউলিং-এর সৃষ্টি হ্যারি পটার চলচ্চিত্রমালার হাত ধরেই বিশ্বজুড়ে পরিচিতি পান ড্যানিয়েল র্যাডক্লিফ। এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি মুক্তি পায় ২০০৭ সালে। এরপর বহু ছবিতে অভিনয় করলেও ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয়তা আর কোনও কাজ তাঁকে এনে দিতে পারেনি। একদিকে এই চরিত্র তাঁকে বিশ্বখ্যাতি এনে দিলেও অন্যদিকে অভিনেতা হিসেবে এক ধরনের টাইপকাস্টের সীমাবদ্ধতাও তৈরি করেছে।