সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার প্রকাশের পর তথ্য বিকৃতি ও জাতীয়তাবাদ উসকে দেওয়ার অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া জানাল চিনা সংবাদমাধ্যম।

‘ব্যাটেল অফ গালওয়ান’
শেষ আপডেট: 30 December 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর টিজার প্রকাশ করেই কার্যত চমকে দেন সলমন খান। ছবির পয়লা ঝলক শুরু হয় বিরসা মুণ্ডার জয়গান দিয়ে। তারপর বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনির মধ্যে সেনাবাহিনিকে ঘিরে এগিয়ে আসে গল্প। লাদাখ উপত্যকার চিন সীমান্তে ‘কর্নেল বিকুমল্লা’ রূপে সলমন খানের আগমনই টিজারের সবচেয়ে নজরকাড়া মুহূর্ত। হাতে এক গাছের গুড়ি নিয়ে শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় তাঁকে। পরনে জওয়ানের উর্দি, চোখে প্রতিশোধের আগুন, রক্তাক্ত মুখ। দীর্ঘদিন পর ‘দাবাং’ অবতারে ভাইজানকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা।
এই দেশাত্মবোধক ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া, যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো ছবি উপহার দিয়েছেন। সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। বাস্তবের গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার হাতে চিনা সেনার পরাজয়ের স্মৃতি ফিরিয়ে আনা হয়েছে এই সিনেমায়। আর সেই কারণেই টিজার প্রকাশের পর থেকেই অস্বস্তিতে বেজিং।
সলমন খান নিজের জন্মদিন, ২৭ ডিসেম্বর, ভারতীয় সেনাজওয়ানদের উদ্দেশে জয়গান গেয়ে এই বহু প্রতীক্ষিত ছবির টিজার প্রকাশ করেন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে চিন। একাধিক চিনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর বিরুদ্ধে তথ্য বিকৃতি ও অতিরঞ্জনের অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, “কোনও অতিনাটকীয় সিনেমা কোনও দেশের পবিত্র সার্বভৌমত্বকে কলুষিত করতে পারে না।” এমনকি, সলমন অভিনীত ছবিতে ২০২০ সালের গালওয়ান সংঘাতের তথ্য বিকৃতভাবে দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
সেখানেই থামেনি সমালোচনা। চিনা প্রতিবেদনে গালওয়ান সংঘাতে শহিদ কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর বীরত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দাবি করা হয়েছে, চিনের নেটিজেন থেকে শুরু করে সাধারণ দর্শকমহল টিজারটি ভালোভাবে নেয়নি। বরং, গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার ঝলককে অতিনাটকীয় বলে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে।
আরও একধাপ এগিয়ে, সলমনের ছবিকে জাতীয়তাবাদ উসকে দেওয়ার ‘অস্ত্র’ বলেও আখ্যা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, “বিকৃত তথ্যের সিনেমার মাধ্যমে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” সব মিলিয়ে, মুক্তির আগেই চিনের কড়া নজরে সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’।