২০১৮ সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল শ্রুতিকে। ক্ষতিগ্রস্থ হয়েছিল বাঁ পা। হেমাটোমার শিকার হতে হয়েছিল তাঁকে।

শেষ আপডেট: 30 December 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় যা দেখেন তার সবটাই কি ঝলমলে? লুকিয়ে থাকে কত অজানা গল্প। যা হয়তো প্রকাশ পায় তবে সময় লাগে অনেকটাই। এই যেমন অভিনেত্রী শ্রুতি দাস, এই মুহূর্তে 'জোয়ার ভাটা' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। নিশার চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ধারাবাহিকের বেশ কিছু দৃশ্যে শ্রুতিকে দৌড়তে দেখা যাচ্ছে। আর তাঁর এই দৌড় দেখেই উড়ে এসেছে কটাক্ষ।
কেউ বলছেন 'মোটা' আব্র কেউ বা বলছেন, 'নায়িকা কচ্ছপের মতো দৌড়য়'। কেন দৌড়তে এত সমস্যা শ্রুতির? তা হয়তো অনেকেরই জানা নেই। জানা নেই ২০১৮ সালে ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। তবে এবার এ নিয়েই মুখ খুললেন শ্রুতি। তুলে ধরলেন নানা অজানা তথ্য।
২০১৮ সালে ভয়াবহ এক বাইক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছিল শ্রুতিকে। ক্ষতিগ্রস্থ হয়েছিল বাঁ পা। হেমাটোমার শিকার হতে হয়েছিল তাঁকে। শ্রুতির কথায়, "আমার বাঁ পায়ে ব্যালেন্সের অভাব। কোমরের এল৪ ও এল ৫-এর মাঝেও ফাঁক। এই কারণে পা বেঁকে যাওয়া, শিরায় টান, পা ফুলে যাওয়া, নীল হয়ে যাওয়া, এগুলো আমার কাছে জলভাত, বিশেষত শীতকালে।" এখানেই না থেমে শ্রুতি আরও যোগ করেন, "আজও হয়তো এই কাহিনী আমি জানাতাম না, কারণ ২০১৮ আমায় অনেক ভাবে শেষ করেছে, যার মাশুল রোজ গুনি।" ছবিও ভাগ করে নিয়েছেন শ্রুতি। যে ছবি তোলা হয়েছিল ২০১৮ সালে। ফুলে যাওয়া পা, তাতে অসহনীয় যন্ত্রণা-- সে কাহিনী এতদিন জানতেন না কেউই। তবে অবশেষে তা প্রকাশ্যে আনলে শ্রুতি।
'ত্রিনয়নী' ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় শ্রুতির উত্তরণ। এরপর একে একে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কাজ করেছেন শিবু-নন্দিতার 'আমার বস' ছবিতেও। তবে ফের তিনি ধারাবাহিকে ফিরেছেন। তাঁর অভিনীত 'নিশা' চরিত্রটি দর্শকমনে বেশ ভালই জায়গা করে নিয়েছে কম সময়ে।