রবিবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে সদ্যোজাত সন্তানদের দেখতে যান রাম চরণ। সঙ্গে ছিলেন তাঁর মাত্র দু’বছরের কন্যা ক্লিন কারা।
.jpg.webp)
শেষ আপডেট: 2 February 2026 13:30
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকেই কোনিডেলা পরিবারে আনন্দের জোয়ার। রাম চরণ (Ram Charan) ও উপাসনার সংসারে এসেছে যমজ সন্তানের আগমন, এক পুত্র ও এক কন্যা। পরিবারের এই সুখবর ঘিরে যখন উৎসবের আবহ, ঠিক সেই সময়ই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা।
রবিবার সকালে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে সদ্যোজাত সন্তানদের দেখতে যান রাম চরণ। সঙ্গে ছিলেন তাঁর মাত্র দু’বছরের কন্যা ক্লিন কারা। কিন্তু হাসপাতালে তাঁর আসার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনুরাগী ও চিত্রসাংবাদিকদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন অভিনেতা।
যমজ ভাই-বোনের সঙ্গে বড় দিদির প্রথম সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে রাম চরণকে আক্ষরিক অর্থেই জনতার মাঝে আটকে পড়তে হয়। সেই সময় কোলে ছিল ছোট্ট ক্লিন কারা। ধাক্কাধাক্কির মধ্যে শিশুটি স্পষ্টতই ভয় পেয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোলে মেয়েকে নিয়ে নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করছেন রাম চরণ। চারপাশের বিশৃঙ্খলায় আতঙ্কিত হয়ে পড়ে ক্লিন কারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে মেয়েকে আগলে রাখার জন্য রাম চরণের রক্ষক ভঙ্গি নজর কাড়ে। এই দৃশ্য সামনে আসতেই নেটিজেনদের একাংশ ভক্তদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনেকের মতে, জনপ্রিয়তা আর ভালবাসা ঘিরে উত্তেজনা কখনও কখনও তারকাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যে ঘটনায় ইতিমধ্যেই তীব্র নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাপারাৎজিদের আডরণ নিয়ে ওঠে প্রশ্ন। মেগাস্টার চিরঞ্জীবী থেকে শুরু করে পরিবারের সকলের মধ্যেই খুশির রেশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা উপাসনা ও নবজাতকেরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত রাম চরণের তরফে কোনও প্রতিক্রিয়া না এলেও, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের ঘনিষ্ঠ মহল। তবে দুই সন্তানকে নিয়ে তাঁদের পরিবারে এখন উৎসবের মেজাজ। রবিবারই নতুন বাবা-মা একটি যৌথ বিবৃতিতে জীবনের এই নতুন অধ্যায় নিয়ে নিজেদের অনুভূতি শেয়ার করে নেন।
রাম চরণ বলেন, “তিনটি সন্তানের আশীর্বাদ আমাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে। আমাদের পাশে থাকা ভক্ত, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞ।” উপাসনা জানান, “আজ তিন সন্তানের মা হতে পেরে আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি।”
উল্লেখ্য, ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম চরণ ও উপাসনা। বিয়ের প্রায় এক দশক পরে প্রথম সন্তানের জন্ম দেন উপাসনা। তার কয়েক বছরের মধ্যেই ফের যমজ সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি।