মাহভাশের পুরস্কারের খবরে চাহালের খোলা অভিনন্দন! ইনস্টাগ্রাম পোস্টেই ধরা দিল সম্পর্কের ইঙ্গিত? নেটিজেনদের নতুন জল্পনা...

যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ
শেষ আপডেট: 6 August 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশ নেটদুনিয়ায় এই দু’জনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই জমে ওঠে গুঞ্জন। কখনও ক্রিকেট মাঠে মাহভাশের উপস্থিতি, কখনও আবার ইনস্টাগ্রামে খোলামেলা কমেন্ট, সব মিলিয়ে তাঁদের ‘বন্ধুত্ব’ নিয়ে চর্চার শেষ নেই।
সম্প্রতি ফের একবার সেই চর্চা মাথাচাড়া দিল মাহভাশের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে। তিনি ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ সম্মান পেলেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে নিজের কৃতিত্বের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। আর সেখানেই এসে ধরা দিলেন চাহাল।
কোনও রাখঢাক না রেখে পোস্টটি লাইক করেছেন ভারতীয় স্পিনার। শুধু তাই নয়, একটি সুন্দর অভিনন্দন বার্তাও দিয়েছেন মাহভাশকে, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে।
মাহভাশ তাঁর পোস্টে লেখেন, “উদ্দেশ্য পরিষ্কার থাকলে গন্তব্য সহজ হয়। আমি গর্বিত এমন অনেক কিছুর জন্য যা কাজ করেনি, কারণ তাতে আরও ভাল কিছুর পথ খুলেছে। ঈশ্বর সাহায্য করেন, তাই আত্মবিশ্বাস হারাবেন না।”
চাহালের এই প্রকাশ্য অভিনন্দনের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়েছে। যদিও দু’জনেই এখনও পর্যন্ত একে অপরকে "ভাল বন্ধু" বলেই দাবি করে এসেছেন।
প্রসঙ্গত, ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা জল্পনা। এক পডকাস্টে যখন তাঁকে মাহভাশের নাম করে প্রশ্ন করা হয়, চাহাল বলেন, “মানুষ যা খুশি ভাবতে পারে। আমি আবার প্রেমে পড়তে ভয় পাই না, তবে হারাতে ভয় পাই।” সে সময়ও তিনি মাহভাশকে শুধুই বন্ধু বলেই উল্লেখ করেছিলেন।