ঈশ্বরকে বারবার প্রশ্ন করেছি কেন আমার সঙ্গে এরকম হল? কেন আমার সঙ্গে দুর্ঘটনা ঘটল? যখন নবরাত্রিতে দুর্গা সপ্তসতী আমি পাঠ করতে বসেছি প্রথম অধ্যায় পড়েই জীবনের এই উত্তর পেলাম।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 22 September 2025 20:24
দেবীপক্ষ মানেই শক্তির আরাধনা। আর এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নবরাত্রির (Navaratri) পুজো। অনেকের মতেই নবরাত্রি মানে অবাঙালিদের পুজো। কিন্তু বহু বনেদি বাড়ির পুজোতেই মঙ্গল ঘট বসিয়ে নবরাত্রির পুজো শুরু হয়ে যায়। টলিঅভিনেত্রীদের মধ্যে বুলবুলি চৌবে পাঁজা শুরু করে দিয়েছেন নবরাত্রির পুজো। অভিনেত্রীর মতে সমাজ সংসারের সব অশুভকে শুভশক্তিতে রূপান্তর করতে নবরাত্রির পুজো করা উচিত। এই কঠিন পুজো কী ভাবে মেনে চলছেন বুলবুলি? তাই জানালেন দ্য ওয়ালে বুলবুলি চৌবে পাঁজা (Bulbuli Chaubay Panja)।

বুলবুলির কথায় 'আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দু জায়গাতেই দুর্গা পুজো হয়। বহু বছরের পুজো। আমি তো চৈত্র নবরাত্রিতে ঘট বসিয়ে পুজো করি। বাসন্তী পুজোর সময় হয়। আর দুর্গা পুজো যেহেতু দুই বাড়িতেই হয় তাই ঘট বসাইনা। আমার শ্বশুরবাড়ির আদি বাড়ি বর্ধমানের গ্রামে, সেখানে দুর্গাপুজো হয়। বোধনের পর ঘট প্রতিষ্ঠা হয়ে গেলে ঐ ঘটেই আমি নবরাত্রির পুজো সম্পন্ন করি। নবরাত্রি অনেকে করতে চায় কিন্তু খুব কঠিন ভেবে পালন করতে ভয় পায়, তাদেরকে আমি একটাই কথা বলব
'নবরাত্রি মায়ের আরাধনা। এই পুজো সমস্ত মানুষই করতে পারে। এই নবরাত্রি পালন করলে প্রোটিন খাওয়া যায় না। ডাল খাওয়া যায় না। ভাত খাওয়া যায় না। তবে পুজোর দিনগুলো আমাদের বাঙালি বাড়িতে যেহেতু অন্নভোগ হয় তাই সেই ভোগ খেয়ে থাকি। খিচুড়ি বা পোলাও এগুলো খাই।'

নবরাত্রির পুজো নিষ্ঠা ভরে করে সত্যি কী ফল পেয়েছেন বুলবুলি? বুলবুলি বললেন ' নবরাত্রির পুজো করলে জীবনে সাক্ষাৎ তফাতটা বোঝা যায়। এমন ভাবেই মীরাক্কেল ঘটে। এই নবরাত্রির দিনগুলো আমি 'দুর্গা সপ্তসতী' শুনি ও পাঠ করি। যারা পড়তে সময় পান না, তারা শুনতেও পারেন। এই 'দুর্গা সপ্তসতী' পাঠ করে স্বয়ং রামচন্দ্র রাবন বধ করে নিজের সংসার বাঁচিয়েছিলেন। তাই সংসারের অশুভ শক্তি দূর করতে নবরাত্রির পুজো করা উচিত। আমার জীবনে এমন হয়েছে যখন সব রাস্তা হারিয়ে গিয়েছে। কোন পথ আমি খুঁজে পাচ্ছিনা। আমি তখন শুধু ঈশ্বরকে বারবার প্রশ্ন করেছি কেন আমার সঙ্গে এরকম হল? কেন আমার সঙ্গে দুর্ঘটনা ঘটল? যখন নবরাত্রিতে দুর্গা সপ্তসতী আমি পাঠ করতে বসেছি প্রথম অধ্যায় পড়েই জীবনের এই উত্তর পেলাম। মা দুর্গা এমন এক শক্তি যা জীবনের নবগ্রহকে নিজের পক্ষে এনে দেবে। এই যে আমরা নবরাত্রিতে গম, চাল, তিল,দুধ, মধু দিই সবটাই কিন্তু নটা গ্রহকে তুষ্ট রাখতে। জীবনে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে নবরাত্রি আমি চিরকাল করব। সবাইকেও করতে বলব।
নবরাত্রির উদযাপনের সঙ্গে দ্য ওয়ালের সকল পাঠককে আমার তরফ থেকে শারদ শুভেচ্ছা জানাই।'