রজনীকান্ত ও ধনুষের বাড়িতে বোমা রাখা হয়েছে— এমন ভুয়ো ই-মেল বার্তা পেয়ে তোলপাড় চেন্নাই। চিরুনি তল্লাশির পর পুলিশ জানায়, এটি ‘হোয়াক্স মেল’।

রজনীকান্ত ও ধনুষ
শেষ আপডেট: 29 October 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর দুই সুপারস্টার রজনীকান্ত এবং তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়িতে বোমা রাখা আছে। সম্প্রতি এমন ভুয়ো ই-মেল বার্তা আসায় চেন্নাইজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও তদন্তের পর জানা যায়, এটি 'হোয়াক্স মেল' (ভুয়ো আতঙ্ক সৃষ্টিকারী বার্তা), তবুও চেন্নাই পুলিশ স্বস্তিতে নেই।
সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের (DGP) দফতরে একটি ই-মেল আসে, যেখানে দাবি করা হয় যে 'থালাইভা' রজনীকান্ত এবং অভিনেতা ধনুষের চেন্নাইয়ের বাড়িতে বোমা রাখা আছে।
বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা চেন্নাই জুড়ে শোরগোল পড়ে যায়। দ্রুত তদন্তে নামে চেন্নাই পুলিশ। সুপারস্টার রজনীকান্ত ও ধনুষের বাড়ি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। বম্ব স্কোয়াড দু'জনের বাড়িতে পৌঁছে তন্ন তন্ন করে তল্লাশি চালায়।
তল্লাশির পর পুলিশের তরফে জানানো হয়, সন্দেহজনক কোনও কিছু মেলেনি। অর্থাৎ, বোমা রাখার খবরটি ছিল সম্পূর্ণ ভুয়ো। চেন্নাই পুলিশ জানিয়েছে, এই ধরনের আতঙ্ক তৈরি করা ঘটনা এই প্রথম নয়। সাইবার ক্রাইমের ভাষায় এই বার্তাগুলিকে 'হোয়াক্স মেল' বলা হয়।
এর আগে তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাইয়ের কাছেও এমন হুমকি বার্তা এসেছিল। বারবার এমন মেল আসার ফলে শুধু তারকারাই নন, তামিলনাড়ুর বিশিষ্ট ব্যক্তিরাও নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন। ভুয়ো জেনেও পুলিশকে প্রতিবারই অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। বর্তমানে চেন্নাই পুলিশ এই সাইবার অপরাধের উৎস খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।