কলকাতায় বড় রেস্তরাঁয় ৪টে ডাম্পলিং ৫০০ টাকা, গৌরীর ‘তরী’-তে দাম ৯০০!

গৌরীর ‘তরী’
শেষ আপডেট: 29 October 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় অঞ্জন চট্টোপাধ্যায়ের এশিয়া কিচেন রেস্তরাঁয় চারটে ডাম্পলিংয়ের দাম এখন ৫০০ টাকা। সাধারণ মধ্যবিত্তের অনেকের জন্য দামটা একটু ছ্যাঁকা লাগার মতই। তবে স্বাদে অতুলনীয়। আসলে রেস্তরাঁর খাবারের দামের হিসাব শুধু উপকরণের উপরই নির্ভর করে না। শেফ থেকে শুরু করে ওভারহেড খরচের হরেক কিসিমের অঙ্ক থাকে। তা বলে চারটে ডাম্পলিং ৯০০ টাকা! মুম্বইয়ের বান্দ্রায় গৌরী খানের (Gauri Khan Torii restaurant) নতুন রেস্তরাঁ ‘তরী’তে ডাম্পলিংয়ের (Dumplings Price) দাম এমনই। গৌরী ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে খ্যাত। তাঁর রেস্তরাঁর অন্দরসাজ (Torii Restaurant) তেমনই যুৎসই কিছু হবে বলে ধরেই নেওয়া যায়। তবে এখন ট্রেন্ডিং হয়ে গেছে তাঁর ডাম্পলিং।
ডাম্পলিং হল এক ধরনের বহুল প্রচলিত খাবার, যা সাধারণত ছোট ছোট ময়দার বল বা টুকরো দিয়ে তৈরি হয়। অনেক সময়ে এই ময়দার আবরণের ভিতরে নানা রকম পুর ভরে তা সিদ্ধ, ভাপানো, ভাজা বা বেক করা হয়। ময়দা তৈরি হতে পারে গমের আটা, আলু বা রুটির গুঁড়ো দিয়ে। পুর হিসেবে ব্যবহৃত হয় মাংস, চিজ, শাকসবজি কিংবা ফল। বিশ্বের বিভিন্ন দেশে ডাম্পলিংয়ের নানা রূপ দেখা যায়—যেমন চীনের ‘ওয়ানটন’, পোল্যান্ডের ‘পিয়েরোগি’ কিংবা আমেরিকার জনপ্রিয় খাবার ‘চিকেন অ্যান্ড ডাম্পলিং’।
মুম্বইয়ে গৌরীর রেস্তরাঁ যেন সিনেমার সেটের মতই। খাবারের অতিরিক্ত দামটা হয়তো দিতে হচ্ছে একটা ভিন্ন অভিজ্ঞতার জন্যও। ঝলমলে আলো, কাঠের টেবিল, আধুনিক শিল্পের কারিগরিতে মোড়া দেওয়াল আর চারিদিকে গৌরী খানের সাক্ষর করা জিনিসপত্র। ‘তরী’-তে ঢুকলেই যেন মনে হয় কোনও বিলাসবহুল জাপানি চলচ্চিত্রের সেটে এসেছেন।
'তরী'-র মেনু দেখলে বোঝা যায় এটি মূলত ফাইন-ডাইনিং বা বিলাসবহুল খাবারের জায়গা। রেস্তরাঁটিতে 'সামার ভেজিটেবল সুই'-এর দাম ৯৫০ টাকা, ডাম্পলিং ৯০০ টাকা এবং আট পিসের 'তরী ভেজ গিয়োজা সিলেকশন' ১৫০০ টাকা।
সাধারণ 'আইস বার্গ সালাডের'-এর দাম ৫০০ টাকা। তবে স্যামন, টুনা ও হামাচির মতো প্রিমিয়াম উপাদান দিয়ে তৈরি 'শাশমি সালাডের'-এর দাম ১১০০ টাকা। 'এনোকি মাশরুম টেম্পুরা' ৬০০ টাকা এবং 'লোটাস রুট উইথ সিঙ্গাপুর চিলি' ৭৫০ টাকা।
মেনুর সবচেয়ে দামি পদের মধ্যে রয়েছে 'য়াকিনিকু নিউ জিল্যান্ড ল্যাম্ব চপ' (৩৮০০ টাকা) এবং 'মিসো ব্ল্যাক কড' (৪৭০০ টাকা)। নরওয়েজিয়ান স্যামনের দাম ১৯০০ টাকা, আর শ্রিম্প কুশিয়াকি ৬৫০০ টাকা।
মুম্বইয়ের রেস্তরাঁ 'তরী'ই সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে। এক ইউটিউবার দাবি করেছে, তাঁর রেস্তরাঁয় নাকি দিনের পর দিন নকল পনির খাওয়ানো হচ্ছে। তা নিয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেছে, রেস্তরাঁর পনির আয়োডিনের সঙ্গে মেশানোর পর কালো হয়ে যাচ্ছে, যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে পনিরটি ভুয়ো বা নকল। তবে সেটা তাঁর দাবি মাত্র, এটা প্রমাণিত সত্য নয়।