‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার মৃত্যুর নেপথ্যে কালো জাদুর সন্দেহ প্রকাশ করলেন স্বামী পরাগ ত্যাগী।

ফাইল চিত্র
শেষ আপডেট: 18 January 2026 12:52
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে প্রয়াত হন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সে তাঁর মৃত্যু বিনোদন জগতে ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হলেও, এ বার শেফালির মৃত্যু ঘিরে এক চাঞ্চল্যকর দাবি সামনে আনলেন তাঁর স্বামী পরাগ ত্যাগী।
সম্প্রতি পরস ছাবড়ার একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শেফালির উপর কেউ কালো জাদু করেছিল। পরাগের কথায়, অনেকেই এসব বিষয়ে বিশ্বাস না করলেও তিনি করেন। তাঁর মতে, “যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।” পরাগ স্পষ্ট করে বলেন, কে এই কাজ করেছে তা তিনি বলতে পারবেন না, তবে তাঁর মনে হয় শেফালির সঙ্গে বারবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, “এটা একবার নয়, দু’বার হয়েছে। আর এবার ও চলে গেল। মনে হয় এবার খুব ভারী কিছু করা হয়েছিল। আমি ধ্যানে বসলে বারবার মনে হয়, কিছু একটা মারাত্মক ভুল তো হয়েইছে।”
পরাগ আরও জানান, এই ঘটনার সূত্রপাত ২৭ জুনের অনেক আগেই। তাঁর কথায়, গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তি তাঁদের বাড়িতে এসে শেফালিকে বলেন যে, বাড়িতে পঞ্চমুখী হনুমান রাখা ঠিক নয়। সেই কথায় প্রভাবিত হয়ে শেফালি তাঁকে রাজি করান বহু বছর ধরে ঘরে থাকা পঞ্চমুখী হনুমানজির মূর্তি অন্যত্র রেখে আসতে। পরাগ বলেন, মূর্তিটি সরিয়ে রাখার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়িতে ফিরে মাত্র ১৫ মিনিটও থাকতে পারেননি। কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে আবার সেখানে যান, কিন্তু তখন আর হনুমানজির মূর্তিটি খুঁজে পাননি। পরে বহু দিন ধরে তিনি সেই মূর্তির খোঁজ করেছেন বলেও জানান।
এই ঘটনার পর তিনি হনুমানজির কাছে ক্ষমা চান বলে দাবি করেন পরাগ। তাঁর কথায়, “আমি বলেছিলাম, খুব বড় ভুল হয়ে গেছে। যেদিন আমাকে ক্ষমা করবেন, সেদিন আমার কাছে ফিরে আসবেন।” এর কিছুদিন পরেই শেফালির মৃত্যু হয়। পরাগ আরও দাবি করেন, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর একজন তাঁকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সেই সময় তিনি হনুমানজিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন।”
পডকাস্টে পরাগ জানান, তিনি শতভাগ নিশ্চিত যে শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে এবং যাঁর হাত এই ঘটনার পিছনে রয়েছে, তাঁকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না। উল্লেখ্য, ২৭ জুন আকস্মিকভাবে শেফালি জারিওয়ালার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, শেফালি নিয়মিত কিছু ওষুধ ও অ্যান্টি-এজিং ইনজেকশন নিতেন, যা মৃত্যুর একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।