ছোট্ট পার্বতী পল রাও-কে দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আবারও অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেলেন রাজকুমার রাও ও পত্রলেখা। তবে দুঃখের বিষয় এই পোস্টে দেখা গেল না মেয়ের মুখ।

শেষ আপডেট: 18 January 2026 12:23
দ্য ওয়াল ব্যুরো: রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা রবিবার তাঁদের জীবনের এক বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন। বরাবরই এই জুটি দর্শকদের নজরে প্রিয়। তাঁদের প্রতিটা পদক্ষেপে তাই নজর থাকে কম-বেশি সকলের। সদ্য বাবা-মা হয়েছে তাঁরা। শুরু করেছেন জীবনের নতুন এক অধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে ছবি পোস্ট করে জানালেন তাঁদের সদ্যোজাত কন্যাসন্তানের নাম কী রেখেছেন। মেয়ের নামে বাংলার স্পর্শ। পার্বতী পল রাও। দুর্গার অপর নাম পার্বতী।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, বাবা-মা দু’জনেই তাঁদের ছোট্ট মেয়ের হাত আলতো করে ধরে আছেন। ছবির সঙ্গে শেয়ার করা বার্তায় ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার ছোঁয়া। তাঁরা লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে সকলের সামনে আনছি।” এরপর ইংরেজি ও হিন্দি, দু’ভাবেই লেখা ছিল মেয়ের নাম, PARVATI PAUL RAO।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্মের খবর প্রথম জানান এই তারকা দম্পতি। সেই ঘোষণা এসেছিল তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই, যা মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছিল। তখনও আবেগঘন অথচ সংক্ষিপ্ত একটি পোস্টে তাঁরা লিখেছিলেন, ঈশ্বর তাঁদের একটি কন্যাসন্তানের বরদান করেছেন, তাঁরা ভীষণ আনন্দিত।
মেয়েকে নিয়ে করা দুই পোস্টেই রাজকুমার ও পত্রলেখা আলাদা করে কোনও জাঁকজমক না রেখে কৃতজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছেন। পরিবারে নতুন অতিথির আগমনের পর যেমন তাঁরা নিজেদের ‘আশীর্বাদপ্রাপ্ত বাবা-মা’ বলে উল্লেখ করেছিলেন, তেমনই মেয়ের নাম প্রকাশের সময়ও সেই একই বিনয়ী অনুভূতি ফিরে এসেছে তাঁদের পোস্টে।
ছোট্ট পার্বতী পল রাও-কে দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আবারও অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেলেন রাজকুমার রাও ও পত্রলেখা। তবে দুঃখের বিষয় এই পোস্টে দেখা গেল না মেয়ের মুখ। সম্প্রতিতে সেলিব্রিটিরা তাঁদের সন্তানের মুখ দেখাতে বেশ কিছুটা সময় নিচ্ছেন। এক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না জানাই ছিল। ফলে এই স্টারকিডকে নিয়ে অনুরাগীদের অপেক্ষা রয়েই গেল।