বিগত আড়াই দশক ধরে সলমন খানের কাছ থেকে ‘টিকি’ না পাওয়া বিষ্ণোই গ্যাং এবার গায়ক বি প্রাককে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দিয়েছে।

বি প্রাক ও সলমন খান
শেষ আপডেট: 17 January 2026 14:34
দ্য ওয়াল ব্যুরো: বিগত আড়াই দশক ধরে সলমন খানের কাছ থেকে ‘টিকি’ পায়নি বিষ্ণোই গ্যাং। একের পর এক খুনের হুমকি ছুঁড়েও তারা সফল হয়নি। তবে এত বছর ধরে অসন্তোষ জমে থাকা বিষ্ণোইরা এবার ভাইজানের ঘনিষ্ঠদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। বিগত কয়েক বছরে এই নিষিদ্ধ গোষ্ঠী সলমনের নিকটস্থ ব্যক্তিদের নানা রকম হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছে। এবার তাদের টার্গেটে আছেন জনপ্রিয় গায়ক বি প্রাক।
সম্প্রতি দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সদ্য তৃতীয়বার বাবা হওয়া বি প্রাক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন। কিন্তু সেই শিল্পীই এবার বিষ্ণোইদের হুমকির শিকার। খবর অনুযায়ী, ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। তবে তখন দিলনূর ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। প্রায় ২৪ ঘণ্টার মধ্যে আবারও এক বিদেশি নম্বর থেকে বিরক্তিকর ফোন আসে। ফোনটি ধরার পর সন্দেহজনক মনে হওয়ায় দিলনূর তা কেটে দেন।
এরপরই তিনি একটি ভয়েস মেসেজ পান, যা সরাসরি বি প্রাকের কাছে পৌঁছানোর জন্য বলা হয়। মেসেজে বলা হয়েছে, “আমরা ১০ কোটি টাকা চাই। এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনও দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি দেখলে আমরা তার ক্ষতি করব।”
ভয়েস নোটে আরও হুমকি যোগ করা হয়, “আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বোলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।”
ঘটনার পরই দিলনূর মোহালি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেওয়া হয়েছে। তবে খুনের হুমকি পাওয়ার পর জনপ্রিয় গায়ক বি প্রাক এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। খবর, পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।