বিপাশা বসুর কন্যা দেবী মাত্র আড়াই বছর বয়সে নিজ হাতে বানাল গণেশের মূর্তি। ভিডিওটি ভাইরাল হয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

বিপাশা বসুর কন্যা দেবী
শেষ আপডেট: 27 August 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই রুপোলি পর্দা থেকে দূরে আছেন অভিনেত্রী বিপাশা বসু। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু যথেষ্ট সক্রিয়। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট মেয়ে দেবী নিজের হাতে তৈরি করছে গণেশের মূর্তি।
বিপাশা যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে দেখা গেছে, এক মহিলার সাহায্যে মাটি দিয়ে ছোট্ট হাতেই গণেশের মূর্তি গড়ছে দেবী। মনে হচ্ছে, এটি সম্ভবত দেবীর প্লে-স্কুলেরই ভিডিও, কারণ ফ্রেমে একই বয়সের আরও কয়েকজন খুদেকে দেখা গেছে।
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার তাঁদের বিয়ের ছয় বছর পর ২০২২ সালের ১২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন। কন্যার নাম রাখেন দেবী। জন্মের পর থেকেই অভিনয় থেকে দূরে সরে গিয়ে মেয়ের দিকেই পুরো মনোযোগ দেন বিপাশা।
কিন্তু ছোট্ট দেবীর শৈশবটা মোটেই সহজ ছিল না। নেহা ধুপিয়ার পডকাস্টে এসে বিপাশা জানিয়েছিলেন, জন্মের পরেই ধরা পড়ে দেবীর হৃদযন্ত্রে দুটি ছিদ্র, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি। খবরটা প্রথম শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিপাশা ও করণ, এমনকি প্রথমে পরিবারকেও জানাতে পারেননি।
মাত্র তিন মাস বয়সে দেবীর ওপেন হার্ট সার্জারি হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সংক্রমণ যেন কোনওভাবেই না হয়। সেই সময় বিপাশাই একাই মেয়েকে সামলেছেন, কাউকে কাছে ঘেঁষতে দেননি। করণ তখন শ্যুটিংয়ের জন্য শহরের বাইরে ছিলেন। দিন-রাত জেগে মেয়েকে সামলেছিলেন তিনি। ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর এখন পুরোপুরি সুস্থ ছোট্ট দেবী।