২০২৬ সালে একের পর এক বড় বাজেটের হিন্দি ছবি মুক্তির অপেক্ষায়। ‘রামায়ণ’ থেকে ‘বর্ডার ২’, কোন ছবির বাজেট কত জানলে চোখ কপালে উঠবে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 1 January 2026 19:14
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সাল হিন্দি সিনেমার জন্য যে বেশ চমকপ্রদ হতে চলেছে, তা এখনই স্পষ্ট। একের পর এক বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়, যার সঙ্গে জড়িয়ে রয়েছেন রণবীর কাপুর, সানি দেওল, শাহরুখ খান, সলমন খানের মতো প্রথম সারির তারকারা। এই ছবিগুলির বাজেটের অঙ্ক শুনলে চোখ কপালে ওঠার মতো। কোটি কোটি টাকার এই প্রজেক্টগুলি আদৌ বক্স অফিসে নিজেদের খরচ তুলে আনতে পারবে কি না, তা নিয়েই শুরু হয়েছে নতুন করে আলোচনা।
এই তালিকায় প্রথমেই রয়েছে সানি দেওলের বহুচর্চিত ছবি ‘বর্ডার ২’। সুপারহিট ‘বর্ডার’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সানি। সম্প্রতি প্রকাশিত টিজারে বরুণ ধাওয়ান, আহান পান্ডে ও দিলজিৎ দোসাঞ্জকে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৩ জানুয়ারি। জানা যাচ্ছে, প্রায় ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে এই দেশপ্রেমের ছবি। নির্মাতারা আশাবাদী, দর্শকের আবেগই ছবির সবচেয়ে বড় শক্তি হবে।
এরপরেই নজরে আসে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় তৈরি ‘লাভ অ্যান্ড ওয়ার’। ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে নিয়ে তৈরি এই ত্রিকোণ প্রেমের ছবি ইতিমধ্যেই কৌতূহলের কেন্দ্রে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের ১৪ অগস্ট মুক্তি পাবে। বাজেটের অঙ্কও কম নয়, একাধিক সূত্র বলছে, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই মেগা প্রজেক্ট।
সবচেয়ে বেশি আলোচনা অবশ্য রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ ঘিরে। এই ছবি ইতিমধ্যেই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি হিসেবে পরিচিতি পেয়েছে। প্রাথমিক রিপোর্টে দুই অংশ মিলিয়ে ১৬০০ কোটি টাকার কথা শোনা গেলেও, প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, ‘রামায়ণ’-এর দু’টি অংশ মিলিয়ে মোট ব্যয় ৪০০০ কোটি টাকা। এই অঙ্কই ছবিটিকে ইতিহাসের পাতায় আলাদা করে তুলে ধরছে।
অন্যদিকে, বক্স অফিসে এখনও দাপট বজায় রেখেছে ‘ধুরন্ধর ২’-এর প্রথম পর্ব, যার আয় ইতিমধ্যেই ৫০০ কোটি ছুঁয়েছে। স্বাভাবিকভাবেই দ্বিতীয় পর্ব নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এর দ্বিতীয় অংশ তৈরি হবে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বাজেটে।
কেজিএফ তারকা যশ-এর পরবর্তী ছবি ‘টক্সিক’ নিয়েও উত্তেজনা কম নয়। হিন্দি দর্শকদের মধ্যেও যশের জনপ্রিয়তা এখন চোখে পড়ার মতো। আগামী বছর ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির। জানা যাচ্ছে, প্রায় ৩০০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে ‘টক্সিক’। বিশেষ বিষয় হল, মুক্তির সময় এই ছবি মুখোমুখি সংঘর্ষে নামতে চলেছে ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে।
সবশেষে রয়েছে সলমন খানের ‘ব্যাটেল অফ গলওয়ান’। ভাইজানের সাম্প্রতিক ছবিগুলির বক্স অফিস পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও, এই ছবির দিকে তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। খবর অনুযায়ী, ছবিটিতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রশ্ন একটাই, এই ছবির হাত ধরেই কি সলমন খান আবারও বক্স অফিসে নিজের হারানো দাপট ফিরে পাবেন?