বলিউডে ছবির বাজেট হঠাৎ বেড়ে যাওয়ার নেপথ্যে কি তারকাদের বাড়তি চাহিদা? এই বিতর্কে মুখ খুললেন ভিকি কৌশল ও কৃতী স্যানন।

ভিকি কৌশল ও কৃতী স্যানন
শেষ আপডেট: 1 January 2026 18:39
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ছবির বাজেট হঠাৎ বেড়ে যাওয়া এবং শুটিং ফ্লোরে তারকাদের বাড়তি চাহিদা, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, শুটিং শুরু হওয়ার পর অভিনেতা–অভিনেত্রীদের একাধিক দাবি মানতে গিয়ে প্রযোজকদের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই বিতর্কেই সম্প্রতি মুখ খুললেন এই সময়ের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও কৃতী স্যানন।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে নিজের জায়গাটা স্পষ্ট করেন ভিকি কৌশল। তিনি জানান, এই ধরনের অভিযোগ তিনি শুনেছেন ঠিকই, তবে নিজের অভিজ্ঞতায় এখনও সেভাবে বিষয়টি দেখেননি। ভিকির কথায়, তিনি একেবারে অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না, আবার সরাসরি সমর্থনও করছেন না। তাঁর মতে, যদি সত্যিই অযথা বাজেট বেড়ে যাওয়ার কারণে কোনও ছবি বা প্রযোজক ক্ষতিগ্রস্ত হন, তাহলে সেই বিষয়টি নিয়ে অবশ্যই ভাবা উচিত।
অন্যদিকে, কৃতী স্যানন বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুটিং ফ্লোরে কিছু সুবিধা থাকলে তা অভিনেতা–অভিনেত্রীদের কাজের সুবিধা বাড়ায়। উদাহরণ হিসেবে কৃতী জানান, যদি কারও শুটিং সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে, অথচ তাঁর জিম করার রুটিন মিস করা সম্ভব নয়, তাহলে ফাঁকে ফাঁকে জিম করার ব্যবস্থাটি শুটিং ফ্লোরেই থাকলে বাইরে যাওয়ার ঝামেলা এড়ানো যায়। তাঁর দাবি, এই বাস্তবতাটা অনেক প্রযোজকই বোঝেন বলেই এমন কিছু সুবিধার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, এই বিতর্ক নতুন নয়। কয়েক মাস আগেই ছবির বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহতা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি তুলে ধরেছিলেন, কীভাবে তারকাদের নানা বায়নাক্কায় শুটিং প্রক্রিয়া ব্যাহত হয়। শুধু তাই নয়, এ নিয়ে সরব হয়েছিলেন আমির খানও। আমিরের বক্তব্য ছিল আরও কড়া। তিনি বলেছিলেন, বর্তমান সময়ের তারকাদের চাহিদার যেন শেষ নেই। প্রযোজকের কাজ শুধু ছবি বানানো, অভিনেতার ব্যক্তিগত খরচ বা বাড়তি বিল মেটানো তাঁর দায়িত্ব হওয়া উচিত নয়। আমিরের অভিযোগ, এখন অনেক তারকাই শুটিং ফ্লোরে লাইভ কিচেন, জিমের মতো সুবিধা চান, এমনকি স্পট বয় থেকে শুরু করে গাড়ির চালকের খরচও প্রযোজকদের বহন করতে হয়।