এ বছর আসতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। একই সঙ্গে ফোকাসে থাকছে বেশ কিছু মুখ। কারা তাঁরা? ২০২৬-এ বাংলা ছবির 'তুরুপের তাস' হতে চলেছেন কারা?

শেষ আপডেট: 1 January 2026 18:01
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ বাংলা ছবির জন্য মোটের উপর মোটামুটি গিয়েছে। বক্সঅফিসকে ঘিরে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা সকলেরই চোখে পড়েছে। প্রযোজকদের ঝামেলা, বুক মাই শো রেটিংকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়ার অভিযোগও চোখ এড়ায়নি কারও। তবে সে সব অতীত। আনকোরা বছরে পুরনো তিক্ততা ভুলে আবারও জোর কদমে লেগে পড়েছেন সকলেই। এ বছর আসতে চলেছে একগুচ্ছ বাংলা ছবি। একই সঙ্গে ফোকাসে থাকছে বেশ কিছু মুখ। কারা তাঁরা? ২০২৬-এ বাংলা ছবির 'তুরুপের তাস' হতে চলেছেন কারা?
দিব্যজ্যোতি দত্ত
'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে তিনিই গৌরাঙ্গ। ডেবিউ হয়ে গিয়েছে ২০২৫-এই সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। ছবিটি নিয়ে বক্সঅফিসে মিশ্র প্রতিক্রিয়া। তবে অতি বড় সমালোচকও পছন্দ করেছেন দিব্যজ্যোতির কাজ। পর্দায় তিনি দারুণ, বলছেন সকলেই। ইতিমধ্যেই আরও এক প্রযোজনা সংস্থার তরফে দিব্যজ্যোতির কাছে অফার পৌঁছেছিল। যদিও তাঁদের ছবি তিনি আপাতত করছেন না বলেই খবর। অফিসে গিয়ে একপ্রস্থ মিটিং ও হয়েছিল তবে তা ফলপ্রসূ হয়নি। সূত্র জানাচ্ছে, এই বছর সোলো হিরো হিসেবে গ্র্যান্ড লঞ্চ হতে পারে তাঁর। অন্য আর এক প্রযোজনা সংস্থা যোগাযোগও করেছে। বিপরীতে থাকতে পারেন ধারাবাহিকের খুব পরিচিত নায়িকা।

অঙ্কিতা মল্লিক
শোনা গিয়েছিল, দেবের ছবিতে তিনি নাকি হিরোইন হতে চলেছেন। 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের দৌলতে অঙ্কিতা ইতিমধ্যেই ড্রয়িংরুমের পরিচিত মুখ। আর সেই সুবাদে দেবের অফিসে তাঁর যে ডাক পড়েছিল এ খবর মিথ্যে নয়। তবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে দেবের ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেখানে আদৌ অঙ্কিতা থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তবে ফোকাসে তিনি আছেন। রানা সরকার প্রযোজিত মহুয়া রায় চৌধুরীর বায়োপিকে তিনিই মহুয়া। বড় পর্দায় গ্র্যান্ড ডেবিউ এই নতুন বছরেই ঘটতে চলেছ তাঁর।

দিব্যাণী মন্ডল
'ফুলকি' ধারাবাহিকের মধ্যে দিয়ে ডেবিউ হয়েছিল দিব্যাণীর। এ বছর সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র' ছবিতে দেখা যাবে তাঁকে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি সেই ছবির লুক সেটের সময় তাঁকে এতটাই খাপে খাপ লেগেছে যে আগামী ছবির জন্য যোগাযোগ বা তলব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। এই বছরে ফোকাস থাকছে দিব্যাণীর উপর।

রাপূর্ণা ভট্টাচার্য
গানের জগতে ইতিমধ্যেই নাম করেছেন রাপূর্ণা। তবে এবার এই বছরে এসফিএফের ব্যানারে বড় পর্দাতেও ডেবিউ হতে চলেছে তাঁর। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'কাতুকুতু বুড়ো'। রাপূর্ণা এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ ছবিতে গান গেয়েছেন। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। এ বছরে রাপূর্ণা কিন্তু নজরে থাকছেন।

রোহন ভট্টাচার্য
অভিনয় জগতে তিনি নতুন নন। এর আগে বড় পর্দাতেও কাজ করেছেন। তবে এই বছরটা খানিক আলাদা হতে চলেছে তাঁর। শুরুটা হচ্ছে রাজের ছবি 'হোক কলরব'-এর হাত ধরে। হাতে রয়েছে ভাল প্রজেক্ট। মনে করিয়ে দেওয়া যাক, গত বছর অগস্টে নজরুল মঞ্চে 'ধূমকেতু'র যে গ্র্যান্ড ইভেন্ট হয়েছিল সেখানে সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছিল রোহনকেই। এর পর থেকেই তিনি রয়েছেন ফোকাসে। এই বছরটা তাঁর জন্য কী বার্তা নিয়ে আসে সেদিকেই নজর থাকবে।
