সকালে উঠে এত জল দেখে তো চক্ষু চড়কগাছ! গোটা কলকাতা ভাসছে আজ! আমি এখনও আজ বেরতে পারিনি।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 23 September 2025 14:12
রাত পোহাতেই অঝোর বৃষ্টি। জলমগ্ন সারা শহর (Kolkata Metro City)। উত্তর থেকে দক্ষিণ ভাসছে জলে। হঠাৎ থমকে ব্যস্ততম দিন। পুজোর আগেই হঠাৎই 'রেনি ডে' (Rainy Day) আজ। কী করছেন টলিউড অভিনেতারা? দ্য ওয়ালে আজ বৃষ্টিমুখর দিনে কী করছেন জানালেন টলি-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)।

ভাস্বর দ্য ওয়ালকে বললেন 'আমাদের আবাসনের সামনে তো জীবনে জল জমেনা। আজ ঘুম থেকে উঠে দেখি এক হাঁটুর ওপর জল। আসলে আমার খুব গভীর ঘুম হয়। আমি ঘুমের মধ্যে বুঝতেই পারিনি, সারা রাত এত বৃষ্টি হয়েছে। যেহেতু আদি গঙ্গার কাছাকাছি আমাদের আবাসন তাই আদি গঙ্গার জলও উঠে এসেছে এ চত্বরে। সকালে উঠে এত জল দেখে তো চক্ষু চড়কগাছ! গোটা কলকাতা ভাসছে আজ! আমি এখনও আজ বেরতে পারিনি। বাড়িতেই আছি।'
এই বৃষ্টিতে নস্টালজিক হয়ে ভাস্বর বললেন 'আজ যেন স্কুললাইফের পরে হঠাৎ রেনি-ডে'! সেই স্কুলজীবন মনে পড়ছে। সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম। ম্যান্ডেভিলা গার্ডেন ঐ এলাকায় তো ভর্তি জল জমত। রেনি ডে হঠাৎ একদিন হলেও আমরা কোমর জল ঠেলে বাড়ি ফিরেছি। সেটাতে খুব মজা ছিল। স্কুলব্যাগ কাঁধে জলের ভিতর দিয়ে বাড়ি ফেরা। তারপর দুদিন পর ক্লাসরুমের দেওয়ালে গিয়ে দেখলাম জলের দাগ। হঠাৎ ছুটির একটা অদ্ভুত মজা আছে। খিচুড়ি আর বেগুনভাজা; আজ মাস্ট। তবে সবথেকে খারাপ লাগছে এত খরচ করে এত পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, এত প্রতিমা আসছে মণ্ডপে, কত মণ্ডপে প্রতিমা এসেও গিয়েছে, পুজো উদ্যোক্তাদের তো বিশাল ক্ষতি হল এই অকাল বৃষ্টিতে। এত মানুষের রুটিরুজি! ওঁদের জন্য চিন্তা হচ্ছে।'
আরও জানালেন ভাস্বর 'তবে আজ বাড়িতে হঠাৎ সকালটা ছুটির দিন পেয়ে আমি লিখতে বসে গিয়েছি। সামনেই তো কলকাতা বইমেলা। আমার অনেকগুলো বই প্রকাশ হবে। তাই যখন ফাঁকা সময় পেলাম একটু লেখা এগিয়ে রাখি। তবে আমার আজকের সকালের প্রাপ্তি। আমি মহালয়ার দিন 'বাজল তোমার আলোর বেণু' গান গেয়ে রইল পোস্ট করেছিলাম। সেই পোস্টে এই গানের কিংবদন্তি গায়িকা সুপ্রীতি ঘোষের মেয়ে চৈতী চট্টোপাধ্যায় কমেন্ট করে লিখেছেন 'বাহ, খুব ভাল হয়েছে। এটা আমার মায়ের গান!' এরথেকে বড় পুরস্কার আর কী হতে পারে!'