মহালয়ার আগের দিন অর্থাৎ শনিবার থেকে মণ্ডপ উদ্বোধন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দু'দিন ধরে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 September 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকে টানা বৃষ্টি (Rainfall)। মঙ্গলবার সকালে এক অন্য কলকাতাকে দেখেছে শহরবাসী। অধিকাংশ জায়গা জলের তলায় চলে গেছে। প্রবল বিপর্যয় এবং তার সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনা, এই আবহে পুজো উদ্বোধন (DurgaPuja2025 Inauguration) বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মহালয়ার আগের দিন অর্থাৎ শনিবার থেকে মণ্ডপ উদ্বোধন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দু'দিন ধরে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আজও তেমনই কর্মসূচি ছিল। কিন্তু শহরে এই হাল এবং একাধিক মৃত্যুর খবরে তিনি ভারাক্রান্ত। তাই পুজো উদ্বোধনের কর্মসূচি তিনি বাতিল করেছেন।
মঙ্গলবার শীতলা মন্দির ভবানীপুর ৭০ পল্লি, একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনি সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্থান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লি, বাদামতলা আষাঢ় সংঘ এবং ত্রিধারার পুজো উদ্বোধনের কথা ছিল তাঁর। কিন্তু তেমন আর কিছুই হচ্ছে না।
বর্তমান পরিস্থিতি দেখে আজ থেকেই সব সরকারি স্কুলে পুজোর ছুটির (Puja Holidays in School) ঘোষণা করেছে নবান্ন। আইসিএসই (ICSE) এবং সিবিএসই (CBSE) বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে। তাই স্কুল পড়ুয়ারা যাতে কোনও রকমভাবে অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণেই তিনি পুজোর ছুটি ৪ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত রাত থেকে টানা বৃষ্টিতে অবাক করার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। হেন কোনও জায়গা নেই যেখানে জল জমেনি। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতিমধ্যে একাধিকজনের মৃত্যুও ঘটেছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেছেন সিইএসসি-কে। অভিযোগ, ওরা এখানে ব্যবসা করছে, আর আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে।
অন্যদিকে, মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গায় জলস্তর বৃদ্ধি পেয়েছে, নিকাশি খালগুলিতেও জল কানায় কানায় ভর্তি। ফলে খালে জল ফেলা হলেও তা আবার শহরের মধ্যেই ফিরে আসছে। বৃষ্টি না কমলে তিনি স্পষ্টত বলতেই পারবেন না যে জল আদৌ কখন নামানো যাবে।