দ্য ওয়াল মাস খানেক আগেই জানিয়েছিল এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এ দিন হয়ে গেল জগদ্ধাত্রীর শেষ দিনের শুটিং।
.jpg.webp)
শেষ আপডেট: 11 December 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল ২০২২ সালের ২৯ অগস্ট। দুই নবাগতা অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়কে নিয়েই শুরু হয়েছিল পথচলা। ধারাবাহিকের নাম 'জগদ্ধাত্রী'। অল্প কয়েক দিনের মধ্যেই টিআরপি চার্টে রাজত্ব শুরু করেছিল ধারাবাহিকটি।
এরপর বহু জল গড়িয়েছে। হালফিলে ধারাবাহিক যেখানে বন্ধ হয়ে যায় দুই/তিন মাসে, সেখানে প্রায় ১০০০ পর্ব অতিক্রান্ত করে ফেলা জগদ্ধাত্রী চলল প্রায় সাড়ে তিন বছর। তবে সব শুরুরই শেষ থাকে। দ্য ওয়াল মাস খানেক আগেই জানিয়েছিল এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এ দিন হয়ে গেল জগদ্ধাত্রীর শেষ দিনের শুটিং। হাজির ছিলেন সকলেই। হাসি-মজা-আড্ডায় কেটে গেল শেষ দিনটাও। মন খারাপ ছিল সেট জুড়েই, কিন্তু ওই, সত্যরে লও সহজে।

ধারাবাহিক শেষ হলেও অঙ্কিতার ভাগ্য কিন্তু ইতিমধ্যেই লিখে ফেলেছে অন্য গল্প। সিনেমা চলাকালীনই বড় পর্দায় ব্রেক পেয়েছেন তিনি। রানা সরকারের প্রযোজনা সংস্থা আনছে মহুয়া রায় চৌধুরীর বায়োপিক। ওই ছবিতে নাম ভূমিকায় থাকছেন অঙ্কিতা। এতদিন ধারাবাহিকের ব্যস্ততা থাকায় ওই ছবির জন্য সময় দিতে পারছিলেন না নায়িকা। তবে এবার পুরোদমে শুরু হবে অন্য কাজ।
এখানেই শেষ নয়, অঙ্কিতাকে আগামী দিনের তুরুপের তাস ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন বেশ কিছু নামী প্রযোজনা সংস্থাও। দীর্ঘাঙ্গী এই তরুণীর জন্য নাকি চিত্রনাট্যও লেখা শুরু হয়েছে, শোনা যাচ্ছে এমনটাই। আগামী দিনে তিনি যদি মেগাস্টার -সুপারস্টারের বিপরীতেও থাকেন তবেও অবাক হওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, আজ অর্থাৎ বৃহস্পতিবার 'জগদ্ধাত্রী' শেষ শুট। আবার এ দিনই প্রকাশ পেয়েছে টিআরপি তালিকা। টিআরপি বলছে শেষ দিনেও তার ফলাফল বেশ ভাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেই ধারাবাহিক পেয়েছে ৬.০। রয়েছে সপ্তম স্থানে। কিন্তু পয়েন্ট একের হেরফেরে তা একেবারেই খারাপ ফল নয়। সে যাই হোক, 'ফুলকি' ধারাবাহিকও কিছুদিন আগে শেষ হয়েছে। এবার শেষ হল 'জগদ্ধাত্রী'ও। অন্যদিকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে পারে স্টার জলসার এক অতি জনপ্রিয় ধারাবাহিকও।