নিজের জীবনেও এবার বেশ খানিকটা এগিয়ে গেলেন মিনাক্ষী। আবারও বিয়ে করলেন তিনি। পাত্র হৃতজিৎ রায় চৌধুরী। হৃতজিৎ নিজেও টলিউডের অংশ।

শেষ আপডেট: 11 December 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: গায়ক দুর্নিবার সাহার সঙ্গে তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। ২০২৩ সালে বিচ্ছেদ হয় মিনাক্ষী মুখোপাধ্যায় ও দুর্নিবারের। তবে সময় থেমে থাকে না।
নিজের জীবনেও এবার বেশ খানিকটা এগিয়ে গেলেন মিনাক্ষী। আবারও বিয়ে করলেন তিনি। পাত্র হৃতজিৎ রায় চৌধুরী। হৃতজিৎ নিজেও টলিউডের অংশ। তিনি কালারিস্ট একই সঙ্গে এক নামী প্রযোজনা সংস্থাতেও কাজ করেন।
ঘটনাচক্রে হৃতজিৎ আবার দুর্নিবার সাহার বর্তমান স্ত্রী ঐন্দ্রিলা সেনের প্রাক্তন প্রেমিক। হৃতজিতের সামাজিক মাধ্যমে এখনও তাঁর ও ঐন্দ্রিলার একাধিক ছবি জ্বলজ্বল করছে। নিছকই কাকতালীয়? দুই প্রাক্তনের এক হওয়া নিয়ে ফিসফাসের কমতি নেই।

ইতিমধ্যেই বিয়ে সারা হয়ে গিয়েছে। এ দিন তাঁদের রিসেপশন। যদিও বিয়ের কোনও ছবি সামনে আনেননি তাঁরা। ব্যাপারটা যে একেবারেই ব্যক্তিগত সে বার্তাই যেন দিচ্ছেন দু'জনে।
ভালবেসে বিয়ে করেছিলেন দুর্নিবার-মিনাক্ষী। রেজিস্ট্রি আগেই সারা হয়ে গেলেও ২০২১ সালে সামাজিক বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের বছর দুই ঘুরতে না ঘুরতেই শুরু হয় সমস্যা, হয় বিচ্ছেদ। এরপরেই দুর্নিবার বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ঐন্দ্রিলাকে, টলিউডে যিনি মোহর নামেই পরিচিত।
অন্যদিকে বিয়ে বা বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও সে সময় ইনস্টাগ্রামের একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করে গিয়েছিলেন মিনাক্ষী। তা নিয়েও কম জলঘোলা হয়নি। আক্রমণের মুখে পড়তে হয় ঐন্দ্রিলাকেও। এমনকি তাঁর ও দুর্নিবারের সন্তানকে নিয়েও হয়েছিল কদর্য আলোচনা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সে বিতর্ক আজ ফিকে। নিজেদের জীবনে আগেই এগিয়ে গিয়েছিলেন দুর্নিবার-মোহর। এবার নতুন জীবন শুরু করলেন মিনাক্ষীও।