দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই জনপ্রিয় মেগা—'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'রাঙামতি তীরন্দাজ'। এই দুই ধারাবাহিকের রেটিং ৬.২। রাঙামতির কাছে স্লট হারিয়ে এক ধাপ নীচে নেমেছে তারে 'ধরি ধরি মনে করি', যার রেটিং ৬.০।

শেষ আপডেট: 5 February 2026 13:50
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের বেঙ্গল (Bengali Serial) টিআরপি (TRP) চার্টে ফের চমক। টপার বদলাচ্ছে কি না—এই প্রশ্নে যখন দর্শকমহলে জল্পনা তুঙ্গে, তখন স্পষ্ট করে বলা যায়, 'পরশুরাম আজকের নায়ক' এখনও বেঙ্গল টপার। তবে এবার একক নয়, শীর্ষস্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে 'পরিণীতা'-ও। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত রেটিং ৬.৬।
দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই জনপ্রিয় মেগা—'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'রাঙামতি তীরন্দাজ'। এই দুই ধারাবাহিকের রেটিং ৬.২। রাঙামতির কাছে স্লট হারিয়ে এক ধাপ নীচে নেমেছে তারে 'ধরি ধরি মনে করি', যার রেটিং ৬.০। তবে টিআরপি তালিকায় ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করছে পল্লবীর এই মেগা।
জি বাংলার 'আমাদের দাদামণি' এই সপ্তাহে স্লট হারিয়ে নেমে এসেছে ষষ্ঠ স্থানে। ধারাবাহিকটির রেটিং ৫.৬। একই রেটিং নিয়ে ষষ্ঠ স্থানেই রয়েছে জীতু কমল ও শিরিন পালের 'চিরদিনই তুমি যে আমার'। চতুর্থ স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া', রেটিং ৫.৯।
পাঁচ নম্বরে উঠে এসেছে 'জোয়ার ভাঁটা'। আর্য-অপর্ণার এই ধারাবাহিকটি আবারও 'লক্ষ্মী ঝাঁপি'-র কাছ থেকে স্লট ছিনিয়ে নিয়েছে। জোয়ার ভাঁটার রেটিং ৫.৮। অন্যদিকে, মিঠির প্রেগন্যান্সির ট্র্যাক দেখিয়েও খুব একটা লাভ হল না 'চিরসখা'-র। স্তন্ত্র-কলিনীর এই মেগা পেয়েছে ৫.১ রেটিং, জায়গা অষ্টম স্থানে।
সপ্তম স্থানে 'বেশ করেছি প্রেম করেছি', যার রেটিং ৫.৩। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে 'কুসুম' (৫.০) এবং 'কনে দেখা আলো' (৪.৮)।
পিছিয়ে থাকা ধারাবাহিকগুলোর দিকেও নজর দেওয়া যাক। 'কম্পাস' পেয়েছে ৪.৪ রেটিং—দশম স্থানে থাকা কনে দেখা আলো-র খুব কাছাকাছি। শেষ সপ্তাহেও ঘুরে দাঁড়াতে পারেনি 'রাণী ভবানী'। রাজনন্দিনী পালের এই মেগার শেষ সপ্তাহের রেটিং মাত্র ১.২। 'ভোলে বাবা পার করেগা' পেয়েছে ২.৭ রেটিং, স্লট হারিয়েছে 'তুই আমার হিরো'-র কাছে, যার রেটিং ৩.৩।
নন-ফিকশনের ক্ষেত্রেও ছবিটা খুব একটা উল্লেখযোগ্য নয়। সারেগামাপা এই সপ্তাহে পেয়েছে মাত্র ৪.০। তার চেয়ে সামান্য এগিয়ে দিদি নম্বর ১ – সানডে ধামাকা, রেটিং ৪.৩। তবে ফিকশনে স্টার জলসার দাপট স্পষ্ট—শনিবারে জলসা ফিকশন পেয়েছে ভাল রেটিং, ৫.৮। যদিও রবিবারে সেই পারফরম্যান্স ধরে রাখা যায়নি, রেটিং নেমে এসেছে ২.৮-এ।