বিয়ের তিন মাসেই মা হতে চলেছেন অভিকা? গুঞ্জনে জল ঢেলে কী বললেন ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী?

অভিকা গোর
শেষ আপডেট: 9 January 2026 14:18
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে হয়েছে সবে তিন মাস হল। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে উত্তাল টিনসেল টাউন। ‘বালিকা বধূ’ (Balika Vadhu) খ্যাত অভিনেত্রী অভিকা গোর (Avika Gor) ও তাঁর স্বামী মিলিন্দ চন্দওয়ানিকে (Milind Chandwani) ঘিরে গত কয়েকদিন ধরে চলছিল জোর চর্চা। একটি সাম্প্রতিক ইউটিউব ভিডিও থেকেই নাকি এই জল্পনার সূত্রপাত। অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে মুখ খুললেন স্বয়ং অভিকা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। অভিকার কথায়, “এই খবর একেবারেই মিথ্যা। এমন কিছুই হয়নি। তবে আমাদের জীবনে সত্যিই আরেকটি বড় খবর আসতে চলেছে, যা আমরা খুব শিগগিরই সবাইকে জানাব।” এই বক্তব্যেই পরিষ্কার, আপাতত সন্তানের আগমন নয়, অন্য কোনও বিষয় নিয়েই চমক দিতে চলেছেন এই তারকা দম্পতি।
উল্লেখ্য, গত বছর মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে অভিকার বিয়ে ছিল যথেষ্ট আলোচিত। একটি রিয়্যালিটি শো-তেই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই দম্পতি, নিয়মিত তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি একটি ভিডিওতে অভিকা ও মিলিন্দ ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ সালে তাঁদের জীবনে আসতে চলেছে এক বড় পরিবর্তন। সেই কথাই নতুন করে জল্পনার জন্ম দেয়। অনেকেই ধরে নেন, ‘বড় পরিবর্তন’ মানেই হয়তো পরিবারে নতুন সদস্যের আগমন। যদিও তখন কেউই বিষয়টি নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা করেননি। বরং রহস্য বজায় রেখেছিলেন দু’জনেই। তাঁদের চোখে-মুখের উচ্ছ্বাস ও কথাবার্তার ধরন দেখে অনুরাগীরা প্রায় নিশ্চিত হয়ে যান, খুব শিগগিরই আসছে কোনও বড় সুখবর।
কিন্তু সেই ধারণায় যে জল ঢালতে চলেছেন অভিকা, তা এবার পরিষ্কার। অভিনেত্রীর দাবি, এই ধরনের গুজব তাঁকে বিরক্ত করেনি। বরং বিষয়টিকে তিনি বেশ হালকাভাবেই নিয়েছেন। তবে ভক্তদের মধ্যে যাতে বিভ্রান্তি না থাকে, সেই কারণেই তিনি সত্যিটা প্রকাশ্যে আনলেন।
এদিকে, ‘আরেকটি বড় খবর’ ঠিক কী হতে পারে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে অনুরাগীদের মধ্যে। অনেকেরই ধারণা, এটি কোনও নতুন টেলিভিশন শো, ওয়েব সিরিজ কিংবা বড় কোনও ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা হতে পারে।
প্রসঙ্গত, টেলিভিশনের পাশাপাশি দক্ষিণী ছবির দুনিয়াতেও পরিচিত মুখ অভিকা গোর। অন্যদিকে, মিলিন্দ চন্দওয়ানি একজন সমাজকর্মী ও উদ্যোক্তা হিসেবেও সুপরিচিত। আপাতত তাই প্রশ্ন একটাই, এই গুঞ্জন কি শুধুই জল্পনা, নাকি সত্যিই অন্য কোনও বড় চমক অপেক্ষা করে আছে?