'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং-এর সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

শেষ আপডেট: 30 March 2026 12:03
দ্য ওয়াল ব্যুরো: ঘুমের দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee News), কিন্তু পিছনে রেখে গেলেন হাজারো প্রশ্ন। কীভাবে জলে পড়ে গেলেন রাহুল? ক্রু সদস্যদের সামনেই দুর্ঘটনা? সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই তদন্তে নেমেই তাদের হাতে এসেছে দুর্ঘটনার সময়ের ভিডিও ফুটেজ।
'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। তালসারির বিচ সাইডে (Talsari Sea Side) বেশ কয়েকটি ক্যামেরা স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
একদিকে যখন হাজারো প্রশ্নে তোলপাড় সাধারণ মানুষের মন, তখনই শত শত চোখ চেয়ে শূণ্য পথের দিকে। অপেক্ষা চলছে কাল রাত থেকে। রাহুলের মরদেহ (Rahul Arunoday Banerjee Death) কখন ফিরবে কলকাতায়? রবিবার সন্ধ্যা থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনা যেন রাত পোহালেও বিশ্বাসের নয়। সারা রাত রাহুলের বাড়ির বাইরে ছিল ভিড়। সকাল হতেই একে একে হাজির হচ্ছেন আত্মীয় পরিজন, শিল্পীরা। সোমবার যখন ঘড়ির কাঁটায় ১০টা, তমলুক মেডিক্যাল হাসপাতালে তখন শুরু হয় অভিনেতার দেহের ময়নাতদন্ত। তারপরই কলকাতার উদ্দেশে রওনা দেবেন সকলে। শোনা যাচ্ছে, দুপুর ৩টো থেকে ৪টের মধ্যে কলকাতায় পৌঁছবে রাহুলের মরদেহ। সূত্রের খবর, আজই শেষকৃত্য সম্পন্ন হবে।
পরিচালক শুভাশিস মণ্ডলের (Subhasish Mondal) কথায়, বিকেল প্রায় ৫টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী, জলের ধারে, গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল সিরিয়ালের নায়ক রাহুল ও নায়িকা শ্বেতার। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস।
তিনি জানান, আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবে যেতে থাকেন, ওঠা-নামার মতো পরিস্থিতি তৈরি হয় এবং তিনি বেশ কিছু জল গিলেও ফেলেন। দ্রুত তাঁকে টেনে পাড়ে তোলা হয়। পরিচালক জানিয়েছেন, তখনও তাঁর জ্ঞান ছিল।
এরপর তড়িঘড়ি তাঁকে দিঘা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে তোলার সময়েও তাঁর সংজ্ঞা ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শোনা যায় রাহুলের মৃতদেহ কলকাতায় আনতে তাঁর বন্ধুরা তমলুকের উদ্দেশে রাতেই রওনা দিয়েছিলেন।