নেপোটিজম বিতর্কে স্টারকিডদের পেশাদারিত্বের প্রশংসা করলেন অর্চনা পুরণ সিং। ভ্লগে অজয় দেবগনের সঙ্গেও মিলল মত।

অর্চনা পুরণ সিং
শেষ আপডেট: 25 July 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: 'নেপোটিজম' বিতর্ক বলিউডে নতুন নয়। একাধিকবার এই ইস্যুতে সরব হয়েছেন ইন্ডাস্ট্রির বাইরের অভিনেতারা। এবার নিজের ভ্লগে অজয় দেবগনের সঙ্গে আলোচনায় এই বিষয়ে মুখ খুললেন অর্চনা পুরণ সিং। তাঁর মতে, ফিল্ম পরিবার থেকে আসা ছেলেমেয়েদের মধ্যে ছোট থেকেই কাজের শৃঙ্খলা ও পেশাদারিত্ব গড়ে ওঠে। অজয় দেবগনও তাঁর বক্তব্যে একমত প্রকাশ করেন।
অর্চনার দুই ছেলে—আর্যমান ও আয়ুষ্মান—নিজেরাও অভিনয়ে কেরিয়ার গড়তে আগ্রহী। অন্যদিকে, অজয়ের ভাইপো আমান দেবগন সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন রাভিনা টন্ডনের মেয়ে রাশা থাডানির সঙ্গে, 'আজাদ' ছবিতে। প্রযোজনা করেছেন খোদ অজয়।
অর্চনা বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই যাঁরা ফিল্ম পরিবার থেকে আসা শিল্পীদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ, তার অন্যতম কারণ হল ছোট থেকেই তাঁদের মধ্যে পেশাগত নীতি-নিষ্ঠা তৈরি হয়ে যায়।”
অজয়ের যুক্তি, “এই পরিবেশে বড় হয়ে ওঠার ফলে অনেক কিছু আগেভাগেই শেখা যায়। তবে আমি সবাইকে এক মানদণ্ডে ফেলছি না। অনেক বহিরাগতও রয়েছেন যাঁরা ভীষণভাবে পরিণত। কিন্তু কিছু মানুষ বুঝতেই পারেন না অভিনয় আর স্টার হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়। সবাই প্রথম দিনেই স্টার হতে পারে না। আগে তো অভিনয়টা শেখা দরকার।”
তিনি আরও যোগ করেন, “বহিরাগতরা অনেক সময় ভেবে বসেন যে এই ইন্ডাস্ট্রি হয়তো খুব নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু ব্যাপারটা তেমন নয়। শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমই সব কিছু নির্ধারণ করে।”
এই মন্তব্যগুলি এসেছে এমন এক সময়, যখন একের পর এক স্টারকিড বলিউডে পা রাখছেন। সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান 'নাদানিয়াঁ' দিয়ে ডেবিউ করেছেন, আর এবার আসছেন কাজলের সঙ্গে 'সরজমিন'-এ। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর 'আঁখোঁ কি গুস্তাখিয়াঁ'-তে বিক্রান্ত মাসের বিপরীতে অভিষেক করেছেন, এবং তাঁর অভিনয়ের প্রশংসাও পেয়েছেন।
তবে সবচেয়ে চর্চিত স্টারকিড অভিষেক বলাই চলে আহান পাণ্ডের। যদিও তাঁর বাবা-মা অভিনেতা নন, তাঁরা বলিউডের সঙ্গে ভালভাবে যুক্ত। কাকা চাঙ্কি পাণ্ডে, আর বোন অনন্যা পাণ্ডে বলিউডে পরিচিত মুখ। আহান ‘সইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই ছবির মাধ্যমেই অভিষেক হয়েছে অনীত পাড্ডার, যাঁর সঙ্গে আহানের অনস্ক্রিন রসায়ন মন কাড়ছে দর্শকদের।