বিতর্ক বাড়তে থাকায় অবশেষে কাবেরী বড়ুয়া প্রকাশ্যে এবার ক্ষমাও চেয়ে নিলেন। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর বক্তব্য কোনও নথি বা প্রামাণ্য তথ্যের ভিত্তিতে ছিল না।

শেষ আপডেট: 17 February 2026 15:08
দ্য ওয়াল ব্যুরো: সুপারস্টার আল্লু অর্জুনকে (Allu Arjun)নিয়ে চর্চা মানেই নেটদুনিয়ায় তা ভাইরাল। তবে এবার আলোচনায় উঠে এল নয়া বিতর্ক।
সাম্প্রতিক এক পডকাস্টে কাবেরী বড়ুয়া (Brand Strategist) দাবি করেছিলেন, অভিনেতার সঙ্গে সাক্ষাতের আগে তাঁর টিম নাকি ৪২ দফার শর্ত দিয়েছিল। প্রকাশ্যে এই মন্তব্য করার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে অভিনেতার পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়।
ক্ষমা চেয়ে কী বলেন কাবেরী দেবী?
বিতর্ক বাড়তে থাকায় অবশেষে কাবেরী বড়ুয়া প্রকাশ্যে এবার ক্ষমাও চেয়ে নিলেন। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর বক্তব্য কোনও নথি বা প্রামাণ্য তথ্যের ভিত্তিতে ছিল না। কথায় কথায় বলা সেই মন্তব্যকে তথ্য হিসেবে তুলে ধরা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি। পাশাপাশি জানান, অভিনেতা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এমন কোনও তালিকা তাঁকে দেওয়া হয়নি। ভুল বক্তব্যের জন্য তিনি দুঃখপ্রকাশ করে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেন।
পডকাস্টের সঞ্চালক স্বীকৃতিও আলাদা করে এই প্রসঙ্গে ব্যাখ্যা দেন। তিনি জানান, সংশ্লিষ্ট পর্ব ও সেই অংশের ভিডিও ইতিমধ্যেই ইউটিউব ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর কথায়, আলোচনাটি মূলত শিল্প জগতের প্রচলিত রীতিনীতি নিয়ে সাধারণ কথোপকথন ছিল, কারও মানহানি করার উদ্দেশ্য ছিল না। তবু প্রকাশিত বিষয়বস্তুর দায় স্বীকার করে তিনি অনিচ্ছাকৃত বিভ্রান্তির জন্য ক্ষমা চান।
— Kaveri Baruah (@kaveri_baruah) February 15, 2026
স্বীকৃতি আরও বলেন, অতিথির বক্তব্য সত্য বলে বিশ্বাস করেই তা প্রচার করা হয়েছিল; পরে বক্তব্য প্রত্যাহার করার পরই ভিডিওগুলি সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, বিষয়টি নিয়ে আর বিভ্রান্তি না ছড়াতে এবং তাঁর চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হেনস্তা বন্ধ করতে।
প্রসঙ্গত, ওই পডকাস্টে কাবেরী বড়ুয়া দাবি করেছিলেন, অভিনেতার সঙ্গে দেখা করার আগে নাকি কঠোর নিয়ম মানতে বলা হয়েছিল—এমনকি চোখে চোখ না রাখা বা করমর্দন না করার কথাও উল্লেখ করেছিলেন তিনি। যদিও এখন সেই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।