অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল। মুরাদাবাদের একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সেখানে যাননি অভিনেত্রী।

আমিশা প্যাটেল (ফাইল ছবি)
শেষ আপডেট: 17 February 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় (Cheque Bounce Case) এবার আইনি জটিলতার মুখে অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। ৯ বছর পুরনো একটি ঘটনায় (2017 event dispute) তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (non-bailable warrant) জারি হয়েছে। বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও টাকা নিয়েও হাজির হননি অভিনেত্রী, এমনটাই অভিযোগ।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, ২০১৭ সালের ১৬ নভেম্বর উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল। মুরাদাবাদের একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের দিন সেখানে যাননি অভিনেত্রী।
অভিযোগকারী পবন ভার্মার দাবি, পরে আলোচনার মাধ্যমে আমিশা প্যাটেল (Ameesha Patel) পুরো টাকা ফেরত দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এর ভিত্তিতেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং আদালতের নির্দেশে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এনিয়ে অভিনেত্রীর দাবি, 'এটা বহু পুরনো ঘটনা। অনেক আগেই মীমাংসা হয়ে গিয়েছিল এবং পবন ভার্মাকে টাকা ফেরত দেওয়াও হয়েছিল।'
আমিশার পাল্টা অভিযোগ, তাঁকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তাঁর আইনজীবী এখন ওই ইভেন্ট অর্গানাইজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে চলেছেন বলেও জানান তিনি।
চেক বাউন্স মামলায় বলিউডের অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav) জেলে যেতে হয়েছিল। সিনেমা তৈরি করতে টাকা নিয়ের প্রতারণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় সোমবারই জামিনে মুক্ত হয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত আড়াই কোটি টাকা শোধ করা হয়েছে বলে খবর।
এই কঠিন সময়ে রাজপালের (Rajpal Yadav) পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের (Bollywood) অনেকেই। সলমন খান (Salman Khan), সোনু সুদ (Sonu Sood), বরুণ ধাওয়ান (Varun Dhawan)-সহ অভিনেতা, প্রযোজক এমনকি বিহারের রাজনীতির অন্যতম মুখ তেজ প্রতাপ যাদবও (Tej Pratap Yadav) রাজপালকে আর্থিক সাহায্য করেছেন।