বিখ্যাত সংলাপকে বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এভাবে তাঁর পরিচিতি কাজে লাগিয়ে নানা লাভজনক কনটেন্ট তৈরি হচ্ছে (Khamosh dialogue misuse), যার অধিকাংশই তাঁর অগোচরে এবং অনুমতি ছাড়া।

শত্রুঘ্ন সিনহা
শেষ আপডেট: 17 February 2026 09:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় সংলাপগুলির তালিকা করলে শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ‘খামোশ!’ নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে। মজার ছলে বন্ধুদের থামাতে হোক, কিংবা সোশ্যাল মিডিয়ায় কৌতুক করতে- এই ডায়লগ আজও চরম জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকেই হাতিয়ার করে বহু অনলাইন প্ল্যাটফর্মে দিনদিন বেড়ে চলেছে তাঁর নাম, ছবি ও এই সংলাপের বেপরোয়া ব্যবহার (Khamosh dialogue misuse)। ঠিক এই কারণেই এবার আদালতের দ্বারস্থ হলেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা।
বম্বে হাইকোর্টে মামলা (Bombay High Court petition) দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ব্যক্তিত্ব, কণ্ঠস্বর, ছবি, ভঙ্গি এবং বিখ্যাত সংলাপকে বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এভাবে তাঁর পরিচিতি কাজে লাগিয়ে নানা লাভজনক কনটেন্ট তৈরি হচ্ছে (Khamosh dialogue misuse), যার অধিকাংশই তাঁর অগোচরে এবং অনুমতি ছাড়া।
এই মামলাটি তাঁর ছেলে লভ সিনহার মাধ্যমে করা হয়েছে। মামলায় মেটা, এক্স, গুগল-সহ একাধিক আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স কোম্পানি, ব্লগার, পাশাপাশি ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম বিভাগেরও নাম উল্লেখ করা হয়েছে।
অভিনেতার দাবি, 'তাঁর ব্যক্তিত্ব ও ‘পাবলিসিটি রাইটস’ (celebrity publicity rights) রক্ষা করা জরুরি। তাই কোনও সংস্থা বা ব্যক্তি যাতে তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, স্বাক্ষর, কিংবা ‘খামোশ’ ক্যাচফ্রেজ—কোনও কিছুই অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করতে না পারে, সেবিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
তিনি এজন্য ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন। বিকল্প হিসেবে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন করেছেন, তাঁর পরিচিতি ব্যবহার করে যাঁরা লাভ করেছে, সেখান থেকেও যেন কিছু অংশ তাঁকে দেওয়া হয়।
এছাড়াও তাঁর পুরোনো ভিডিও পরিবর্তন করে বিভিন্ন GIF বানিয়ে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে ছড়ানো হচ্ছে, যেখানে তাঁর অভিনয়কে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং তাঁর ‘পারফরম্যান্স রাইটস’-এরও লঙ্ঘন হচ্ছে বলেও তিনি দাবি করেন (misuse of celebrity identity)।
সোমবার বিচারপতি শর্মিলা দেশমুখ এই মামলার শুনানিতে ২৪ জনের (বিবাদী) বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদনের ওপর রায় স্থগিত রাখেন। শত্রুঘ্ন সিনহার অনুরোধ, কোনও ভাবেই যেন তাঁর ব্যক্তিত্ব ব্যবহার করে ব্যক্তিগত বা বাণিজ্যিক লাভ করা না যায়—সেটা সাময়িকভাবে হলেও আদালত নিষিদ্ধ করুক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই, সলমন খান, নাগার্জুন ও বিবেক ওবেরয়–সহ অনেক বলিউড তারকাই একই ধরনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রবণতা বাড়ায় তাঁদের অধিকারের সুরক্ষায় আইনগত পদক্ষেপ নিতে হচ্ছে বলে মনে করছে শিল্পমহলের একাংশ।