“আমি কার জন্য ছবি বানাব?” বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ অপর্ণা সেন।

অপর্ণা সেন
শেষ আপডেট: 6 April 2026 12:10
দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনের (Aparna Sen) গলায় এবার অবসরের সুর (Bengali film industry)। ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পরমা’ বা ‘পারমিতার এক দিন’-এর মতো কালজয়ী ছবির এই স্রষ্টা ৮০ বছর বয়সে দাঁড়িয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিমান ও আশঙ্কার কথা শেয়ার করে নিয়েছেন। তাঁর সাফ কথা, বর্তমান পরিস্থিতিতে আর হয়তো ছবি পরিচালনা করবেন না তিনি।
কেন ছবি বানাতে বিমুখ অপর্ণা?
সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-তে দেওয়া একটি সাক্ষাৎকারে অপর্ণা সেন বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান অবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর মতে, বাংলা ইন্ডাস্ট্রি এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি হয়তো টিকে যাবে এবং অনেক মানুষের কর্মসংস্থানও হবে, কিন্তু সিরিয়াল বা মেগা ধারাবাহিকগুলো দর্শকদের রুচি নষ্ট করে দিচ্ছে। অপর্ণা প্রশ্ন তুলেছেন, “আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়? সবাই তো এখন টিভিতে মজে আছে। তাই আর ছবি বানানোর উৎসাহ পাচ্ছি না।”
‘দ্য র্যাপিস্ট’ নিয়ে অনিশ্চয়তা
অপর্ণা সেনের শেষ পরিচালিত ছবি ‘দ্য র্যাপিস্ট’ নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেও, ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা তিনি জানেন না। তিনি জানান, এমনকি ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলোও এখন সিরিয়াস গল্পের বদলে হাসিখুশি বা রোম্যান্টিক কমেডি বেশি পছন্দ করছে। তিনি আক্ষেপের সুরে বলেন, “হয়তো আমার অনেক কিছু বলার আছে, কিন্তু শুনবে কে? একটা ছোট অংশের দর্শক হয়তো আছে, কিন্তু সেটা কি যথেষ্ট?”
১৯৬১ সালে মাত্র ১৬ বছর বয়সে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ (সমাপ্তি) ছবির মাধ্যমে মৃন্ময়ী চরিত্রে অভিনয় শুরু করেছিলেন অপর্ণা। এরপর অভিনেত্রী হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা পান। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনার আঙিনায় পা রেখে জিতে নেন সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। দীর্ঘ কেরিয়ারে তিনি আমাদের উপহার দিয়েছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘যুগান্ত’ বা ‘গয়নার বাক্স’-এর মতো ছবি। তবে পরিচালনায় বিরতির কথা বললেও, খুব শীঘ্রই তাঁকে অভিনেত্রী হিসেবে দেখা যাবে মেয়ে কঙ্কনা সেন শর্মার ওয়েব সিরিজ ‘ওয়েলকাম টু খোয়া মহল’-এ।