মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের পরই তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদের জোর গুঞ্জন বলিপাড়ায়।

তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
শেষ আপডেট: 9 January 2026 11:12
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের কনসার্টে এপি ধিলোঁর (AP Dhillon) সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তই কি সবকিছুর ইতি টানল? বলিউডের অন্দরমহলে এখন জোর চর্চা, তারা সুতারিয়ার (Tara Sutaria) সঙ্গে সম্পর্কে নাকি ইতি টেনেছেন বীর পাহাড়িয়া (Veer Pahariya)। নতুন প্রজন্মের এই জনপ্রিয় তারকাজুটির বিচ্ছেদের গুঞ্জনে আপাতত সরগরম ইন্ডাস্ট্রি।
করিশ্মা ও করিনার তুতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙার মাসখানেকের মধ্যেই বীর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। সেই সময় তাঁদের রসায়ন নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল। এমনকি সম্প্রতি নায়িকার বাড়ির এলাহি ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল বীর-তারাকে। কিন্তু হঠাৎ করেই সব যেন থমকে গেল।
বৃহস্পতিবার রাতেই ‘ধূমকেতু’র মতো বলিউডে আছড়ে পড়ে খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার বিচ্ছেদের খবর। তার ঘণ্টাখানেক কাটতে না কাটতেই কানাঘুষো শুরু, জাহ্নবী কাপুরের ‘হবু দেওর’ বীর পাহাড়িয়াও নাকি তারার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। স্বাভাবিকভাবেই জোড়া বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল হয়ে ওঠে বলিপাড়া।
যদিও খুশি-বেদাঙ্গের মতো আচমকা সম্পর্ক ভাঙার পথে হাঁটেননি বীর-তারা। শোনা যাচ্ছে, বিচ্ছেদের নেপথ্যে রয়েছে এপি ধিলোঁর মুম্বই কনসার্ট কাণ্ড। দিন কয়েক আগেই ওই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেখানে মঞ্চে ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তারাকে। গায়ক যখন জনসমক্ষে তারাকে জাপটে ধরে চুমু খান, তখন দর্শকাসনে থাকা বীর পাহাড়িয়াকে বেশ হতভম্ব দেখায়। সেই মুহূর্তে তাঁর অস্বস্তিকর অভিব্যক্তিও ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে।
গুঞ্জন অনুযায়ী, জনসমক্ষে ধিলোঁর সঙ্গে তারার এমন মাখামাখি একেবারেই ভালো লাগেনি বীরের। যদিও বন্ধু ওরি নাকি গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। এরপর থেকেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে বলে খবর।
যদিও এখনও পর্যন্ত বীর পাহাড়িয়া বা তারা সুতারিয়া, কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করেননি। তবে বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, চুপিসারেই একে-অপরের থেকে সরে গিয়েছেন এই তারকাজুটি।