ভেঙে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। হার্ট অ্যাটাক, মদ্যপান এবং রিহ্যাব—জীবনের সেই অন্ধকার সময় নিয়ে মুখ খুললেন পরিচালক।

অনুরাগ কাশ্যপ
শেষ আপডেট: 18 February 2026 23:17
দ্য ওয়াল ব্যুরো: “এটা একটা মিসক্যারেজ”, এই শব্দ উচ্চারণ করেই থেমে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। এই একটি শব্দই যেন তাঁর জীবনের এক বিপর্যয়। স্বপ্নভঙ্গের সেই ধাক্কা তাঁকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল, যেখানে মানসিকভাবে ভেঙে পড়া থেকে শুরু করে রিহ্যাব পর্যন্ত যেতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা অকপটে ভাগ করে নিয়েছেন পরিচালক-অভিনেতা।
অনুরাগ জানাচ্ছিলেন তাঁর বহুদিনের স্বপ্নের প্রজেক্ট—Maximum City অবলম্বনে সিরিজ তৈরির পরিকল্পনার কথা। লেখক সুকেতু মেহতা-র এই বহুল আলোচিত বই নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। প্রায় ৯০০ পাতার হাতে লেখা চিত্রনাট্য তৈরি করেছিলেন, অসংখ্য বৈঠকও হয়েছিল। তাঁর দাবি, শুরুতে Netflix এই প্রজেক্টে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সময় গড়ালেও কাজ এগোনোর বিষয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। দেড় বছর ধরে অনিশ্চয়তায় ঝুলে থাকার পর কার্যত থেমে যায় তাঁর স্বপ্নের কাজ।
এই অনিশ্চয়তা অনুরাগকে ভিতর থেকে ভেঙে দেয়। তিনি জানান, সংস্থার অনেককেই বইটি পড়ার অনুরোধ করেছিলেন, কিন্তু অধিকাংশই তা পড়েননি। এরই মধ্যে তাঁর ওয়েব সিরিজ তাণ্ডব-কে ঘিরে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটার প্রভাবও তাঁর অন্যান্য কাজের উপর পড়েছিল বলে মনে করেন তিনি। যদিও সংস্থার পক্ষ থেকে প্রকল্প বন্ধ হওয়ার নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি।
এই ধাক্কা কতটা গভীর ছিল, তা বোঝাতে গিয়ে অনুরাগ বলেন, “ওটা আমার সন্তানের মতো ছিল।” সেই কারণেই তাঁর মুখে বেরিয়ে এসেছিল “মিসক্যারেজ” শব্দটি। থেরাপির মাধ্যমে তিনি বুঝতে পারেন, তিনি আসলে শোকের মধ্য দিয়ে যাচ্ছিলেন—একজন মানুষের স্বপ্ন হারানোর শোক।
কিন্তু মানসিক বিপর্যয় শুধু সেখানেই থামেনি। এই সময়েই তাঁর হার্ট অ্যাটাক হয়। চলছিল নিয়মিত ওষুধ, টিকার পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। হাঁপানির সমস্যা বেড়ে যাওয়ায় স্টেরয়েড নিতে হয়। মানসিক অস্থিরতার কারণে মদ্যপানের পরিমাণও বেড়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শেষ পর্যন্ত নিজেকে সামলাতে তাঁকে রিহ্যাব সেন্টারে ভর্তি হতে হয়।
তবে এই অন্ধকার সময় থেকেই তাঁকে আবার ফিরিয়ে আনে তাঁর নিজের কাজ। এক পরিচালক বন্ধুর প্রস্তাবে তিনি ফের অভিনয়ে যুক্ত হন। সেই কাজই ধীরে ধীরে তাঁকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। অনুরাগের কথায়, অভিনয়ে ফিরে আসার অভিজ্ঞতাই তাঁকে ঘরবন্দি অবস্থা থেকে বেরিয়ে নতুন করে জীবনকে দেখার শক্তি দিয়েছিল।