গোবিন্দার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মেনোপজের কঠিন সময় একাই সামলাতে হয়েছে বলে জানালেন সুনীতা আহুজা।

গোবিন্দা, সুনীতা আহুজা
শেষ আপডেট: 18 February 2026 19:14
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) সম্পর্কের টানাপোড়েন বহুদিনের। গত বছর এই দাম্পত্য অশান্তি ঘিরে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। এমনকী, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলেছিলেন সুনীতা। যদিও সেই সময় এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি গোবিন্দা। এখনও সেই নীরব অবস্থান প্রায় একই রয়েছে। তবে এবার আরও খোলামেলা ভাবে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানালেন সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সম্পর্ক নিয়ে চলা বিতর্ক তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। বিশেষ করে মেনোপজের মতো গুরুত্বপূর্ণ শারীরিক পরিবর্তনের সময় ব্যক্তিগত জীবনের অস্থিরতা তাঁকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। সুনীতার কথায়, “আমি সবসময় এই আলোচনা থেকে দূরে থাকতে চেয়েছি। কিন্তু এখন আমি জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে, যেখানে শরীরে নানা পরিবর্তন হচ্ছে। মেনোপজ প্রতিটা মহিলার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় শুধু শরীর নয়, মনেরও যত্ন প্রয়োজন। আর সেই সময় পাশে স্বামী, সন্তান ও পরিবারের সমর্থন খুব জরুরি। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। ফলে আমাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।”
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে এবং গোবিন্দারও রয়েছে। কিন্তু তাঁর মতে, জীবনের একটা বয়সের পর পরিবারই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। “একটা সময়ের পর বাইরের কেউ নয়, স্ত্রী-সন্তান এবং পরিবারই পাশে থাকে। এই বিষয়টা মনে রাখা উচিত,”—মন্তব্য সুনীতার।
তবে সমস্ত অভিযোগ ও কষ্টের মাঝেও স্বামীর প্রতি তাঁর আবেগ যে অটুট, সেটাও স্পষ্ট করেছেন তিনি। সুনীতা বলেন, “গোবিন্দা আমার ছোটবেলার ভালোবাসা। তাঁর প্রতি আমার অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। আমাদের সম্পর্কের বয়স প্রায় চল্লিশ বছর। এত দীর্ঘ সম্পর্ক সহজে ভেঙে যায় না। কিন্তু একইসঙ্গে আমি এটাও মনে করি, প্রতিটা মহিলার জীবনে নানা ওঠাপড়া আসে। আর সেই সময় চুপ করে না থেকে নিজের কথা বলা খুব জরুরি।”