বর্তমানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘রাহি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছেন অদ্রিজা। টলিউডের ছোটপর্দা থেকে যাত্রা শুরু করে এখন মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

শেষ আপডেট: 23 January 2026 15:24
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুমে টলিপাড়ার অন্দর থেকে মিলল আরও এক সুখবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অদ্রিজা রায়। পেশাগত ব্যস্ততার মাঝেই জীবনের নতুন অধ্যায়ের পথে হাঁটতে চলেছেন তিনি। খুব শিগগিরই প্রেমিক ভিগনেশ আইয়ারের সঙ্গে বাগদান সাড়তে চলেছেন চলেছেন এই অভিনেত্রী। আগামী ২৫ জানুয়ারি ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে তাঁদের আংটি বদলের অনুষ্ঠান।
বর্তমানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘রাহি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছেন অদ্রিজা। টলিউডের ছোটপর্দা থেকে যাত্রা শুরু করে এখন মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজের এই ব্যস্ত সময়েই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
অদ্রিজার হবু স্বামী ভিগনেশ আইয়ার বিনোদন জগতের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। জানা গিয়েছে, দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত সীমিত পরিসরে, আভিজাত্যপূর্ণ অথচ ঘরোয়া পরিবেশেই বাগদান সারতে চলেছেন তাঁরা।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের এক সূত্রের দাবি, এই অনুষ্ঠানটি একেবারেই পারিবারিক হবে। খুব কাছের বন্ধু ও আত্মীয়স্বজনদের নিয়েই আয়োজন সীমাবদ্ধ থাকবে। এর আগে এক সাক্ষাৎকারে নিজের প্রেমকাহিনির শুরু নিয়ে মুখ খুলেছিলেন অদ্রিজা। তিনি জানিয়েছিলেন, এক বন্ধুর পার্টিতেই প্রথম আলাপ হয় তাঁর ও ভিগনেশের। প্রথম দেখাতেই একে অপরের ব্যক্তিত্ব ভালো লেগে যায় দু’জনেরই। এরপর সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়।
বিয়ে নিয়ে যদিও এখনই কোনও তাড়াহুড়ো করতে চান না এই জুটি। অদ্রিজা আগেই স্পষ্ট করেছিলেন, চলতি বছরে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। পাত্র দক্ষিণ ভারতীয় এবং তিনি নিজে বাঙালি হওয়ায় দুই সংস্কৃতির মেলবন্ধনে বিয়ের আয়োজন করতে চান অভিনেত্রী।