প্রান্তিক এ নিয়ে মুখ খুলতেই ঘটনার অপর দিক জানতেই দ্য ওয়াল যোগাযোগ করে অঙ্কিতার সঙ্গে। কী বলছেন তিনি?

শেষ আপডেট: 29 November 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই টলিপাড়ায় খবর, বিয়ে ভাঙছে প্রান্তিক চক্রবর্তী ও অঙ্কিতা চক্রবর্তীর। প্রান্তিক সংবাদমাধ্যমে এই খবরে সিলমোহর দিয়েছেন। ওদিকে অঙ্কিতা এ নিয়ে শুরু থেকেই নিশ্চুপ। অঙ্কিতা মুম্বইয়ে থাকেন বিগত কিছু সময় ধরে।
সেখানেই অভিনয় কেরিয়ার নিয়ে বেশ সিরিয়াস তিনি। প্রান্তিক এ নিয়ে মুখ খুলতেই ঘটনার অপর দিক জানতেই দ্য ওয়াল যোগাযোগ করে অঙ্কিতার সঙ্গে। কী বলছেন তিনি?
তাঁর কথায়, "প্রান্তিক যে বিয়ে ভাঙার কথা বলছে, তা একেবারেই আমাকে না জানিয়ে। তাই ও কী বলছে, কেন বলছে তা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমার ব্যক্তিগত জীবন একেবারেই ব্যক্তিগত রাখা পছন্দ করি, তাই করব।" তাহলে কি এই ঘটনা নেহাতই রটনা?
খানিক চুপ করে অঙ্কিতা যোগ করেন, "প্রান্তিক যা বলছে, সত্যি বলেই ও বলেছে। কিন্তু আমি এই নিয়ে বাইরে কিছু বলতে চাই না। নিজে ভীষণ লো প্রোফাইল বজায় রাখি,আমার সম্পর্ক নিয়ে কাউকে কেন কিছু বলব? আজও বলছি না, আগামীতেও বলব না। বরং আমাদের কাজ নিয়ে কথা হোক, এটাই চাইব।"
অঙ্কিতা না বলতে চেয়েও বলেছেন অনেক কিছুই। বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। ভালবেসেই বিয়ে করেছিলেন দু'জনে। ১২ বছরের পরিচয়। কাউকে কিছু না জানিয়েই টুক করে বিয়ে সেরেছিলেন। সেই সম্পর্কে ইতি পড়ছে। টলিপাড়ায় আরও এক ব্রেকআপ স্টোরি।