জুবিন গর্গকে নিয়ে অঙ্কিতা ভট্টাচার্যের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন ময়ূরী দারানি। সারেগামাপা-র দুই শিল্পীর এই বিরোধে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 28 November 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি গায়ক জুবিন গর্গকে (Zubeen Garg) কেন্দ্র করে এবার প্রকাশ্যে বিবাদে জড়ালেন 'সারেগামাপা' (Sa Re Ga Ma Pa) মঞ্চের দুই পরিচিত মুখ—বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharya) এবং রানার্স-আপ ময়ূরী দারানি (Mayuri Darani)। অকালে প্রয়াত শিল্পীকে নিয়ে অঙ্কিতার বিতর্কিত মন্তব্যে দানা বেঁধেছে এই 'অঘোষিত যুদ্ধ'।
সম্প্রতি কোচবিহারে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন সারেগামাপা-র খেতাব জয়ী অঙ্কিতা ভট্টাচার্য। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের উদ্দেশে সরাসরি বলেন, “আমাকে কেউ জুবিনদার গান রিকুয়েস্ট করবেন না। আমি না ওঁনার গান গাইতে পারব না। কারণ আমি কারুর মৃত্য়ু নিয়ে ফুটেজ খেতে পারব না।”
অঙ্কিতার এই মন্তব্য দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শিল্পী মহলে সমালোচনার ঝড় তোলে। অনেকে তাঁর এই "আলটপকা" মন্তব্যের সঙ্গে সহমত হতে পারেননি।
অঙ্কিতার মন্তব্যের পরই নাম না নিয়ে তাঁকে কড়া ভাষায় বিঁধলেন ময়ূরী দারানি। সারেগমাপা-র রানার্স আপ ময়ূরী কারুর নাম না করেই ফেসবুকে লম্বা পোস্ট লেখেন।
ময়ূরী প্রশ্ন তোলেন, “'জুবিন স্যারের গান গেয়ে আমি ফুটেজ খেতে পারব না', এই বাক্যটি আমাদের শিল্প জগতের পক্ষে ধ্বংসাত্মক!” তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই বিশেষ "একচোখামি" শুধুমাত্র জুবিনদার (Zubeen Garg) জন্যই দেখানো হচ্ছে। ময়ূরীর বক্তব্য, সারা ভারতের মানুষ এই শিল্পীকে এতটাই ভালবাসেন যে তাঁর গান সকলের মুখে মুখে ঘোরে। তিনি এবং তাঁর মতো অন্যান্য শিল্পীরা দর্শকদের অনুরোধে খুশি মনে সেই গান গাওয়ার চেষ্টা করেন এবং "না বলে দেওয়ার ক্ষমতা" তাঁদের নেই। সেখানে দাঁড়িয়ে অঙ্কিতার মতো এত জনপ্রিয় একজন শিল্পী কীভাবে এমন কথা বলতে পারলেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
অঙ্কিতাকে খোঁচা না দিয়েই ময়ূরী লেখেন যে, তিনি ব্যক্তিগতভাবে তাঁর গান পছন্দ করলেও, এই রূপ দেখে তিনি "খুবই হতাশ" হয়েছেন। তিনি বলেন, "আমরা যারা জুবিনদাকে হারিয়ে ফেললাম, যারা ভালবেসে জুবিন দার গান গেয়ে ট্রিবিউট (শ্রদ্ধার্ঘ্য) দিচ্ছি, তারা সবাই কি ফুটেজ খাচ্ছি??... তাঁর মতো, নির্দয়ের মত কথা আমাদের বলার সাহস হয়েছে? কী করে বলতে পারছো?"
ময়ূরী নিজেকে ছোট শিল্পী দাবি করে বলেন, "কারও সাহস হয়নি! হ্যাঁ অবশ্যই আরও অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের দেওয়া গান গুলো ও আমরা গাই...তাঁর মনে এই না যে আমরা জুবিন দার গান গেয়ে ফুটেজ খাচ্ছি।" ময়ূরীর মতে, অঙ্কিতা এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে অনেক "বড় বড় মাপের আর্টিস্টদের" অপমান করেছেন।
ময়ূরী শেষে বলেন, "আমরা জুবিন দার ভক্ত ছিলাম আছি থাকবো কারও জন্য ভাই মনে লাগাতে পারবনা যে 'ফুটেজ' খাচ্ছি আমরা! আমরা জুবিন দার গান গাইবো গাইবো গাইবো"।
প্রসঙ্গত, অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গ অকালেই প্রয়াত হন। তাঁর মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে অনুরাগীদের মনে আজও প্রশ্ন রয়ে গেছে।