‘ধুরন্ধর ২’-এ ক্যামিও করার সুযোগ পেয়েও কেন না বললেন অনিল কাপুর? নিজেই জানালেন সেই সিদ্ধান্তের কারণ।

‘ধুরন্ধর ২’
শেষ আপডেট: 14 March 2026 13:37
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক আদিত্য ধর-এর (Aditya Dhar) বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) মুক্তির জন্য প্রস্তুত। ছবিতে শক্তিশালী চরিত্রে আবারও দর্শকদের সামনে হাজির হতে চলেছেন রণবীর কাপুর। আগামী সপ্তাহেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির আগেই সামনে এসেছে একটি চমকপ্রদ তথ্য।
খবর অনুযায়ী, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। কিন্তু নির্দিষ্ট কিছু কারণের জন্য সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এমনকি এই সিদ্ধান্তের কারণে তাঁর ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতিও হয়েছে বলে নিজেই জানিয়েছেন অভিনেতা।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিল কাপুর জানান, পরিচালক আদিত্য ধর তাঁকে ছবির একটি ছোট চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি তা করতে পারেননি। কারণ হিসেবে অভিনেতা জানান, তাঁর কেরিয়ারের সাফল্যের পেছনে রয়েছে পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি। তাঁর কথায়, শুধুমাত্র প্রতিভার জোরে নয়, বরং কাজের প্রতি দায়বদ্ধতার কারণেই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
অনিল আরও জানান, ‘ধুরন্ধর ২’-এর শুটিংয়ের সময়সূচি ইতিমধ্যেই তাঁর অন্য একটি ছবির জন্য নির্ধারিত ছিল। সেই কারণেই তিনি ব্যক্তিগতভাবে আদিত্য ধরের সঙ্গে কথা বলে পরিস্থিতি ব্যাখ্যা করেন। যদিও তিনি ছবিটির সাফল্য কামনা করেছেন। অভিনেতার কথায়, “এটা আমার ক্ষতি, তবে ঠিক আছে, এসব তো হয়েই থাকে।” একইসঙ্গে তিনি ভবিষ্যতে আদিত্য ধরের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
এদিকে বর্তমানে অনিল কাপুর তাঁর নতুন ছবি সুবেদার-কে কেন্দ্র করেই আলোচনায় রয়েছেন। সম্প্রতি প্রাইম ভিডিও-তে মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। ছবিতে অনিল কাপুরের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে মুক্তির পর এটি প্রাইম ভিডিওতে ১ নম্বর ট্রেন্ডিংয়ে উঠে আসে।
অন্যদিকে, তিন মাসেরও বেশি অপেক্ষার পর অবশেষে ‘ধুরন্ধর’ ছবিটি আগামী ১৯ মার্চ, ঈদের সময় মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির সাফল্যের পর অনেকেই মনে করছেন, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় রেকর্ড গড়তে পারে এই ছবি।