সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে শো করতে গিয়ে অপমানিত বোধ করেছেন গায়ক শিলাজিৎ!

শিলাজিৎ
শেষ আপডেট: 14 March 2026 12:54
দ্য ওয়াল ব্যুরো: শিল্পীদের প্রতি অসম্মানের ঘটনা বাংলায় ক্রমেই বাড়ছে? সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে গায়ক-গায়িকাদের সমস্যায় পড়ার খবর সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন গায়ক শিলাজিৎ মজুমদার (Shilajit)। গতকাল (Poila Parban) অর্থাৎ শুক্রবার, সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গনে (Central Park Concert) একটি শো করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে গায়ককে (Silajit Concert)।
শোয়ের সময় ১১টা পর্যন্ত ছিল। ১০.৫৮ নাগাদ গান বন্ধ করে দেওয়ার ঠিক পরেই পুলিশ নোংরা ইশারা করে হাত দেখাতে শুরু করে। নেমে যেতে বলা হয় মঞ্চ থেকে। আর তাতেই মঞ্চে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক। পুলিশের উদ্দেশে বলেন, 'আপনি এভাবে আমাকে অসম্মান করতে পারেন না। এর থেকে অনেক বেশি আওয়াজ আপনি সহ্য করেন। আমাকে তো অর্গানাইজাররা ১১টা পর্যন্ত সময় দিয়েছে। এখন তো ১১টা বাজেওনি। আপনি আমার সঙ্গে এমন করতেই পারেন না।'
রেগে গিয়ে বলেন, 'আমি নেমে যাচ্ছি মঞ্চ থেকে। কিন্তু স্যর, আপনাকে বলে দিলাম, এমনভাবে বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি, আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু এখানে আসা অনেক লোকই আমাকে চেনেন। ৫টা মিনিট গান গাইলে এত লোক আনন্দ পাবে। তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে?'
সেই সঙ্গে এও বলেন 'মঞ্চ থেকে নামার ঠিক আগে, শিল্পীদের অসম্মান না করে, ইলেকশনে রাজনৈতিক দলের বেলা কী করবেন, কীভাবে আটকাবেন সেটা দেখব।'
এর আগেও কৃষ্ণনগরে গান গাইতে গিয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন গায়ক। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিলাজিৎ জানান, কৃষ্ণনগরে অনুষ্ঠান শেষ করে তাঁর মন ভীষণ খারাপ হয়ে গেছে। তিনি বলেন, “জানি না আবার কবে কৃষ্ণনগরে যেতে পারব। তোমরা যখন এসে গাড়ির মধ্যে নক করছিলে… যাই হোক, আমার খুব খারাপ লেগেছে। খুব কষ্ট পেয়েছি।”
গায়কের আক্ষেপ, সেই অনুষ্ঠানে তিনি অনেক প্রিয় গানই গাইতে পারেননি। তাঁর কথায়, “বসুন্ধরা গাইতে পারিনি, সর্বনাশ গাইতে পারিনি, আরও অনেক গান গাইতে পারিনি। সবচেয়ে খারাপ লেগেছে, আমাদের কথোপকথনটা করতে দেওয়া হয়নি।”
শিলাজিৎ আরও বলেন, যদি আগে জানতেন যে পরিস্থিতি এমন হবে। পুলিশ প্রায় তাড়িয়ে দেবে কিংবা আয়োজকরা ভাবছেন কখন অনুষ্ঠান শেষ হবে, তাহলে তিনি অন্যভাবে অনুষ্ঠানটির আয়োজন করতেন। তাঁর কথায়, কৃষ্ণনগরে তাঁর বন্ধু ও অনুরাগী রয়েছেন, তাঁদের কারও নিরাপদ জায়গায় বসেও এই অনুষ্ঠান করা যেত। এমনটা আগেও করেছেন বলে জানান তিনি।
ভিডিওতে শিলাজিৎ আরও উল্লেখ করেন, কৃষ্ণনগরের বহু অনুরাগী তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগও পাননি। সেটাও তাঁকে খুব কষ্ট দিয়েছে। সামনে তাঁর একটি অনুষ্ঠান রয়েছে সল্ট লেকে। কৃষ্ণনগরের সেই অনুরাগীরা সেখানে আসতে পারবেন কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন গায়ক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে সমস্যার মুখে পড়ার অভিযোগ করেছেন একাধিক শিল্পী। এর আগে আরামবাগের একটি অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে ‘সেকুলার গান’ গাইতে বলা হয়েছিল, যখন তিনি ‘জাগো মা’ গাইছিলেন বলে দাবি ওঠে। এবার কৃষ্ণনগরের ঘটনায় শিলাজিৎ অভিযোগ তুলেছেন, পুলিশ তাঁকে প্রায় তাড়িয়ে দিয়েছে।
রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালীন সময়েই এই ভিডিওটি রেকর্ড করেন শিলাজিৎ। সেখানে তিনি স্পষ্ট জানান, এই ঘটনার জন্য তাঁর খুব খারাপ লেগেছে। শুধু শিলাজিৎ বা লগ্নজিতা নন, এর আগেও শো করতে গিয়ে নানা সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আরও বেশ কিছু গায়ক-গায়িকা। শিলাজিতের এই অভিযোগের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।