এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন টলিউড সুপারস্টার দেব (Dev)। ইতিমধ্যে প্রোমোতে মিলেছে তাঁর উপস্থিতির ঝলক। অন্যদিকে মঞ্চ কাঁপাতে দেখা যাচ্ছে লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)।

শেষ আপডেট: 13 March 2026 19:31
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই জমে উঠতে চলেছে টেলিভিশন দুনিয়ার অন্যতম বড় উৎসব— স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Parivaar Awards)। প্রতি বছরের মতো এবারও প্রিয় তারকাদের এক মঞ্চে দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা। প্রিয় চরিত্রদের পুনর্মিলন, কে জিতবে আর কে হারবে সেই উত্তেজনা এখন তুঙ্গে। তার সঙ্গে চোখধাঁধানো নাচ-গান, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠতে চলেছে এবারের আয়োজন।
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন টলিউড সুপারস্টার দেব (Dev)। ইতিমধ্যে প্রোমোতে মিলেছে তাঁর উপস্থিতির ঝলক। অন্যদিকে মঞ্চ কাঁপাতে দেখা যাচ্ছে লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। চমক এখানেই ইতি নয়। থাকছেন কোয়েল মল্লিক, থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেবের সঙ্গে অনেকদিন পর মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে কোয়েল মল্লিককে। এ বছরের অনুষ্ঠানের মূল ভাবনা ‘ঘুরে ঘুরে অনেক দূরে’। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে উদ্যাপন করা হবে এই উৎসব।
১৪ মার্চের পর্বে জলসা পরিবারের সফরসঙ্গী হবেন মেগাস্টার দেব। প্রোমোতে দেখা গিয়েছে দীঘা, বর্ধমান ও দার্জিলিংয়ের নাম। অন্যদিকে ১৫ মার্চের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নবদ্বীপ, মুর্শিদাবাদ ও পুরুলিয়ার সফরে তিনি থাকবেন জলসা পরিবারের সঙ্গে। উল্লেখযোগ্য বিষয়, এই প্রথমবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে এই অনুষ্ঠানের মঞ্চে।
শুধু দেব বা শুভশ্রী নন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও একাধিক জনপ্রিয় মুখ। বিশেষ ভূমিকায় সকলের মন জিতে নিতে চলেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)।
এছাড়াও স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকের তারকারাও থাকবেন এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে। ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করা হিয়া মুখোপাধ্যায় (Hiya Mukherjee), ‘গোরা’ চরিত্রের অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) এবং ‘এলা’ চরিত্রে অভিনয় করা শোলাঙ্কি রায় (Solanki Roy)-সহ আরও অনেক পরিচিত মুখ মঞ্চ মাতাবেন নাচ-গান ও পরিবেশনায়। থাকছেন তৃণা সাহা, রণিতা দাসসহ আরও সোনামণি সাহা, হানি বাফনার সহ আরও অনেকেই।
সব মিলিয়ে তারকাদের উপস্থিতি, প্রিয় চরিত্রদের পুনর্মিলন, পুরস্কারের উত্তেজনা এবং জমকালো পরিবেশনা— এই সবকিছুর সমন্বয়ে এবারের Star Jalsha Parivaar Awards হয়ে উঠতে চলেছে দর্শকদের জন্য এক বড় বিনোদনের উৎসব।