২০১৩ সালে ক্যানসারের ঝুঁকি এড়াতে ম্যাস্টেকটমি করিয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ১২ বছর পর আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভারে প্রকাশ্যে আনলেন সেই অস্ত্রোপচারের ক্ষত, স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই এই সিদ্ধান্ত।

অ্যাঞ্জেলিনা জোলি
শেষ আপডেট: 17 December 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১৩। সেই বছর অভিনয়ের জন্য নয়, এক কঠিন ও সাহসী সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)। ক্যানসারের সম্ভাব্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে তিনি সচেতনভাবেই অস্ত্রোপচারের মাধ্যমে দু’টি স্তন অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সময় গড়িয়েছে ১২ বছর। এবার প্রথমবার প্রকাশ্যে আনলেন সেই অস্ত্রোপচারের ক্ষতচিহ্ন।
সম্প্রতি একটি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজে দেখা গিয়েছে অ্যাঞ্জেলিনাকে। সেখানে কোনওভাবেই বুকের ক্ষত আড়াল করেননি তিনি। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই এই সাহসী সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিনেত্রী।
অ্যাঞ্জেলিনার পরিবারে ক্যানসারের ইতিহাস রয়েছে। তাঁর মা, মাসি এবং দিদা তিনজনই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই পারিবারিক ইতিহাসের কারণেই অভিনেত্রী জিনগত পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, তাঁর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। সেই কারণেই ২০১৩ সালের মে মাসে তিনি ম্যাস্টেকটমি করিয়ে দু’টি স্তনই অপসারণ করেন।
এতেই শেষ নয়। চিকিৎসকদের মতে, অ্যাঞ্জেলিনার ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকিও ছিল। তাই ম্যাস্টেকটমির প্রায় দুই বছর পর অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউবও বাদ দেন তিনি। সেই সিদ্ধান্তের কথাও নিজেই সকলকে জানিয়েছিলেন অ্যাঞ্জেলিনা।

তবে এত বছর পর কেন ম্যাস্টেকটমির ক্ষত প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিলেন তিনি? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, স্তন ক্যানসারের কারণে যাঁদের শরীর থেকে স্তন বাদ দিতে হয়েছে, মূলত তাঁদের উদ্দেশেই তাঁর এই পদক্ষেপ। নিজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি তাঁদের পাশে দাঁড়াতে চান।
অ্যাঞ্জেলিনা বলেন, “আমি আমার জীবনের অনেক প্রিয় নারীর সঙ্গে এই ক্ষতগুলো ভাগ করে নিয়েছি। আর যখন অন্য নারীদের তাঁদের ক্ষত ভাগ করে নিতে দেখি, তখন সত্যিই আনন্দ পাই।”
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জিনগত পরীক্ষার গুরুত্বের কথাও তুলে ধরেছেন। বিশেষ করে যাঁদের পরিবারে ক্যানসারের জোরালো ইতিহাস রয়েছে, তাঁদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।