প্রসঙ্গত, এক সময় মৈনাক ও স্বপ্নিলার জুটি দর্শকদের পছন্দের হলেও বর্তমানে কনে দেখা আলো ধারাবাহিকে মৈনাকের বিপরীতে রয়েছেন সাইনা। যদিও মাঝখানে একটি মিউজিক ভিডিওতে মৈনাক–স্বপ্নিলাকে একসঙ্গে দেখা গিয়েছিল।

শেষ আপডেট: 16 January 2026 17:22
দ্য ওয়াল ব্যুরো: একটি ছোট্ট মুহূর্ত কখনও কখনও বদলে দিতে পারে বহু বছরের অপেক্ষা। সদ্য প্রকাশ্যে আসা ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের নতুন প্রোমো ঠিক তেমনই এক ইঙ্গিত দিল। যে শুভলক্ষ্মী এতদিন ধরে মনের কষ্ট বুকে চেপে মেয়েকে হারানোর যন্ত্রণা সহ্য করে এসেছে, তার জীবনে ফের আলো আসতে চলেছে কি না—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
নতুন প্রোমোয় দেখা যায়, শুভলক্ষ্মী ঠাকুরের উদ্দেশে পুজো দিতে বেরিয়েছেন। আচমকাই পাশ দিয়ে চলে যায় একটি বাইক, যার ধাক্কায় তিনি খানিকটা টালমাটাল হয়ে পড়েন। পরিস্থিতি মুহূর্তের জন্য অস্বস্তিকর হলেও, বাইক থেকে নেমে এক তরুণী পড়ে যাওয়া ফল কুড়িয়ে শুভলক্ষ্মীর হাতে তুলে দেয়। এই সামান্য ঘটনাই গল্পে এনে দেয় বড় ইঙ্গিত।
এই মেয়েটি কি আদৌ অচেনা? প্রোমো অনুযায়ী, ওই তরুণীই হতে পারে ২০ বছর আগে হারিয়ে যাওয়া শুভলক্ষ্মীর কন্যা। যদিও শুভলক্ষ্মী এখনও তা বুঝতে পারবে কি না, তা স্পষ্ট নয়। তবে মেয়ের সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিতেই আবেগে ভাসছেন দর্শকরা।
শুভলক্ষ্মীর মেয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা-তে তাঁর অভিনয়ের পর দর্শকরা আবার তাঁকে ছোটপর্দায় দেখতে চাইছিলেন। নতুন ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনে তাই আলাদা উচ্ছ্বাস দেখা গিয়েছে।
প্রসঙ্গত, এক সময় মৈনাক ও স্বপ্নিলার জুটি দর্শকদের পছন্দের হলেও বর্তমানে কনে দেখা আলো ধারাবাহিকে মৈনাকের বিপরীতে রয়েছেন সাইনা। যদিও মাঝখানে একটি মিউজিক ভিডিওতে মৈনাক–স্বপ্নিলাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবু নতুন গল্পে নতুন চরিত্রে স্বপ্নিলাকে ফিরে পেয়ে খুশি দর্শকরা।
রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। উষসী ও সুস্মিত এই ধারাবাহিকে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন। আর নতুন নায়িকার প্রবেশের পর গল্প কোন দিকে এগোয়, হারানো সম্পর্ক সত্যিই জোড়া লাগে কি না—সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সবাই।