'আমাদের দাদামণি'-র কাছ থেকে স্লট ছিনিয়ে নিয়ে কড়া টক্কর দিল পরশুরাম। তবে পরশুরামও কিন্তু হার মানার পাত্র নয়। দু’টি ধারাবাহিকই যৌথভাবে স্লট দখল করল, দু’টিরই রেটিং এসেছে ৭.২।

শেষ আপডেট: 2 January 2026 18:05
দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকা এল এবার খানিকটা দেরিতেই। বৃহস্পতিবার নিউ ইয়ার থাকায়, শুক্রবার প্রকাশিত হল সাপ্তাহিক ফলাফল। আর নতুন বছরের শুরুতেই সেই তালিকা চমকে দিল টেলিপাড়াকে। সকলকে পিছনে ফেলে টিআরপি-র শীর্ষস্থানে উঠে এল 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা এই প্রথমবার টপার হয়ে নজির গড়ল।
'আমাদের দাদামণি'-র কাছ থেকে স্লট ছিনিয়ে নিয়ে কড়া টক্কর দিল পরশুরাম। তবে পরশুরামও কিন্তু হার মানার পাত্র নয়। দু’টি ধারাবাহিকই যৌথভাবে স্লট দখল করল, দু’টিরই রেটিং এসেছে ৭.২।
দ্বিতীয় স্থানে নিজের জায়গা ধরে রাখল 'রাঙামতি তীরন্দাজ'। রেটিং ৭.১। এই সপ্তাহেও তাকে টপকাতে পারল না তারে ধরি ধরি মনে করি। পল্লবী শর্মার মেগা ৬.৪ রেটিং নিয়ে সন্তুষ্ট থাকল পঞ্চম স্থানে। তৃতীয় স্থানেও জি বাংলার দাপট—ও মোর দরদিয়া-র রেটিং ৬.৯। চতুর্থ স্থানে রয়েছে পরিণীতা (৬.৮)।
অন্যদিকে, বেশ কয়েক মাস ধরে চর্চায় থাকা চিরদিনই তুমি যে আমার প্রত্যাশা অনুযায়ী ফল দিতে পারছে না। অনলাইনে জীতু কমলকে নিয়ে উন্মাদনা থাকলেও, দিতিপ্রিয়া বেরিয়ে যাওয়ার পর টিআরপিতে তার প্রভাব যেন স্পষ্ট। আর্য-অপর্ণার বিয়ে কিংবা আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর ভূতের উপস্থিতি দেখিয়েও দর্শক ধরে রাখা গেল না। ফলে এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং দাঁড়াল ৫.৯, অষ্টম স্থানে।
অবস্থা আরও খারাপ চিরসখা-র। রেটিং ক্রমশ কমতে কমতে ধারাবাহিকটি নেমে এসেছে দশম স্থানে। এরই সুযোগে রেটিং বাড়ছে জোয়ার ভাঁটা-র। চিরসখা-র কাছ থেকে স্লট ছিনিয়ে নিয়ে ৬.০ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে এই মেগা।
টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে গিয়েছে বেশ করেছি প্রেম করেছি। ৫.৬ রেটিং নিয়ে এখন একাদশ স্থানে রয়েছে ধারাবাহিকটি।
নতুন মেগাগুলির মধ্যে মিলন হবে কতদিনে এখনও সেভাবে ছাপ ফেলতে পারেনি। সাড়ে ন’টার স্লটে কনে দেখা আলো-র তুলনায় বেশ পিছিয়ে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে যেসব ধারাবাহিকের অবস্থা কার্যত তলানিতে, সেগুলি হল রাণী ভবানী (১.৮), আনন্দী (২.৫), শুভবিবাহ এবং গৃহপ্রবেশ। রেটিংয়ের পাশাপাশি গল্পের দিক থেকেও এই ধারাবাহিকগুলি দর্শকের মন টানতে ব্যর্থ—এমনটাই মত টেলি-পাড়ার একাংশের।
এই সপ্তাহের টিআরপি-র সেরা দশ
১. প্রোফেসর বিদ্যা ব্যানার্জী / পরশুরাম – ৭.২
২. রাঙামতি তীরন্দাজ – ৭.১
৩. ও মোর দরদিয়া – ৬.৯
৪. পরিণীতা – ৬.৮
৫. তারে ধরি ধরি মনে করি – ৬.৪
৬. লক্ষ্মী ঝাঁপি – ৬.২
৭. জোয়ার ভাঁটা – ৬.০
৮. চিরদিনই তুমি যে আমার – ৫.৯
৯. আমাদের দাদামণি – ৫.৮
১০. চিরসখা – ৫.৭
সব মিলিয়ে, নতুন বছরের শুরুতেই টিআরপি যুদ্ধে জমজমাট ছবি—কেউ শীর্ষে উঠে চমক দিচ্ছে, কেউ আবার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত।