ঐশ্বর্যা রাই বচ্চনকে ঘিরে ‘মাঙ্গলিক’ ও কুষ্ঠির দোষের গুজব বহুদিনের। অমিতাভ বচ্চন প্রকাশ্যে এসব গল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

ঐশ্বর্যা রাই, অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 27 November 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চনকে ঘিরে আলোচনার শেষ নেই। তাঁর কাজ থেকে ব্যক্তিগত জীবন, প্রায় সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়া এবং গুঞ্জনের বাজার সদা সরগরম। দীর্ঘদিন ধরে একটি বিষয় বারবার সামনে এসেছে, ঐশ্বর্যা নাকি ‘মাঙ্গলিক’, তাঁর কুষ্ঠিতে নাকি রয়েছে একাধিক ‘দোষ’। এমনকি অভিষেক বচ্চনকে বিয়ে করার আগে তাঁকে নাকি বটগাছের সঙ্গে প্রতীকী বিয়ে পর্যন্ত দিতে হয়েছিল, এমন দাবিও বহু বছর ধরে ঘুরে বেড়ায়।
সময় যতই এগোয়, এই গল্পগুলোর রেশ ততই লেগে থাকে। তবে বছর কয়েক আগে এসব গুজবের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। শ্বশুরমশাই হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্যের মর্যাদা রক্ষার জায়গা থেকেই তিনি মুখ খোলেন।
অমিতাভ লিখেছিলেন, “প্রতিদিন দেখি নানা ধরনের জল্পনা-ও নাকি এমন, ও নাকি তেমন… কেউ বলে ও যে ঘরে যাবে, সেই ঘরের শ্বশুর নাকি মারা যাবে! কী অদ্ভুত কথা! ঐশ্বর্যা আমাদের জন্য অশুভ নয়। ভাগ্যে যা আছে, তাই হবে।”
তিনি আরও বলেছিলেন, “এ সব লেখা খুব সহজ। কিন্তু কেউ কি ভেবে দেখে, এসব মন্তব্যে ওর এবং ওর পরিবারের কেমন লাগে? এত বছর পরেও এসব শেষ হল না। সব বিষয়েই ঐশ্বর্যাকে টেনে আনা হচ্ছে। বিয়ের বিষয় তো আরও হাস্যকর, এটা কোনও বিজ্ঞান বা রীতিনীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিয়ে মানে দুই মনের মিলন, ব্যস।”
২০০৭ সালে রাজকীয় আয়োজনেই অভিষেক–ঐশ্বর্যার বিয়ে হয়। দাম্পত্য জীবনে এসেছে কন্যাসন্তান আরাধ্যা। তবে বিগত এক বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে ফের উঠেছে নানান জল্পনা। শোনা যাচ্ছে, দম্পতির সম্পর্ক নাকি আর ততটা মধুর নেই।