রাত কেটে সকাল, সকাল গড়িয়ে বেলা— তবু কোনও খোঁজ মেলেনি। তাঁর মোবাইল ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে ঘনিষ্ঠসূত্রে খবর।

শেষ আপডেট: 10 April 2026 18:56
দ্য ওয়াল ব্যুরো: টলিউডে একের পর এক অস্বস্তিকর খবর যেন উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। কয়েকদিন ধরেই নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) কোনও খবর মেলেনি এখনও, সেই আবহ কাটতে না কাটতেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এবার নিখোঁজ টলিউডের তরুণ চিত্রগ্রাহক সৃজন বিশ্বাস (Srijan Biswas)।
খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছে না। রূপকলা কেন্দ্র থেকে সিনেমাটোগ্রাফির পাঠ নিয়ে মাত্র চার বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রাখেন সৃজন। স্বল্প সময়ের মধ্যেই নিজের কাজের ধরন এবং স্বাধীন চিন্তাভাবনার জন্য পরিচিতি তৈরি করেছিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ সৃজন। শুক্রবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা সাগ্নিক মুখোপাধ্যায় (Sagnik Mukherjee)-ও এই খবর শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন। ছড়িয়ে পড়া পোস্ট সূত্রে জানা যায়, সৃজন আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন— যেমন অনেকেই নিয়মিত হাঁটতে বা বাইরে বের হন। পরনে ছিল বারমুডা ও টি-শার্ট। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি।
রাত কেটে সকাল, সকাল গড়িয়ে বেলা— তবু কোনও খোঁজ মেলেনি। তাঁর মোবাইল ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে সহকর্মী ও পরিচিত মহলে।
তবে এই রহস্যের মাঝেই সামনে এসেছে আরেকটি তথ্য, যা খানিক হলেও স্বস্তিকর। শোনা যাচ্ছে, সৃজন নাকি নিজেই কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ব্যক্তিগত কারণে কিছুদিনের জন্য আড়ালে থাকতে চান বলেই জানিয়েছেন তিনি।
যদিও তাতে বিন্দুমাত্র কাটে না উদ্বেগ। কারণ, এই দ্বৈত তথ্যের জেরে তৈরি হয়েছে ধোঁয়াশা— একদিকে পরিবারের উদ্বেগ, অন্যদিকে তাঁর সম্ভাব্য যোগাযোগের খবর। ফলে প্রশ্ন উঠছে, এটি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সে উত্তর সময় দেবে।