‘বর্ডার ২’ মুক্তির আগেই বরুণ ধওয়ানকে কালিমালিপ্ত করতে ৫ লক্ষ টাকার অফারের অভিযোগ।

বরুণ ধওয়ান
শেষ আপডেট: 11 January 2026 15:46
দ্য ওয়াল ব্যুরো: বিনোদন দুনিয়ার ঝলমলে আলো আর রঙিন পর্দার আড়ালে যে কতটা নোংরামি ও রেষারেষি লুকিয়ে থাকতে পারে, তারই এক বিস্ফোরক ছবি সামনে এল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়। অভিযোগ, বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের ভাবমূর্তি নষ্ট করতে এবং তাঁর আসন্ন ছবি ‘বর্ডার ২’-এ অভিনয় নিয়ে নেতিবাচক প্রচার চালাতে মোটা অঙ্কের টাকা অফার করা হচ্ছে।
এই বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘থারা ভাই যোগীন্দর’ সম্প্রতি একটি কল রেকর্ডিং প্রকাশ করেন। সেই অডিওতে দাবি করা হয়েছে, বরুণ ধওয়ানের বিরুদ্ধে একটি পরিকল্পিত ‘পেইড ক্যাম্পেইন’ চালানোর ছক কষা হয়েছে। অর্থের বিনিময়ে কুৎসা ছড়ানোর এই প্রস্তাব নাকি আসে এক অজ্ঞাতপরিচয় সূত্র থেকে।
ইনফ্লুয়েন্সারকে বলা হয়, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বরুণ ধওয়ানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে। বিশেষ করে সানি দেওল অভিনীত কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েলে বরুণের অন্তর্ভুক্তি নিয়ে সাধারণ দর্শকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া উসকে দিতে বলা হয়। লক্ষ্য একটাই, ছবি মুক্তির আগেই বরুণ ধওয়ানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা।
সবচেয়ে চমকপ্রদ অভিযোগ হল, এই নেতিবাচক প্রচারের জন্য নগদ পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। রেকর্ড করা কথোপকথনে শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে এক ব্যক্তি স্পষ্টভাবে বলছেন, এমনভাবে আক্রমণ চালাতে হবে যাতে দর্শকের মনে হয়, এই চরিত্রের জন্য বরুণ একেবারেই উপযুক্ত নন।
এই ঘটনার প্রেক্ষিতে ‘বর্ডার ২’ ঘিরে উত্তেজনার পারদ আরও চড়েছে। ছবিতে বরুণ ধওয়ানের মতো জনপ্রিয় তারকার উপস্থিতি দর্শকের আগ্রহ যেমন বাড়িয়েছে, তেমনই কিছু মহলে ঈর্ষাও তৈরি করেছে, এমনটাই মনে করছেন অভিনেতার অনুরাগীরা। বলিউডে ‘পিআর ওয়ার’ নতুন কিছু নয়, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে এত বড় অঙ্কের টাকা খরচ করার অভিযোগ বিরল বলেই মনে করছেন অনেকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, বলিউড এখন প্রতিভার লড়াইয়ের চেয়ে নোংরা রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে। যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত বরুণ ধওয়ান নিজে কোনও মন্তব্য করেননি। অনেকের ধারণা, এটি কোনও প্রতিদ্বন্দ্বী ক্যাম্পের ষড়যন্ত্র হতে পারে, যারা অভিনেতার সাফল্যে লাগাম টানতে চাইছে।