বন্ধুর রিসেপশনে ঢাকের তালে নাচতে দেখা গেল আলিয়া ভট্ট ও রণবীর কাপুরকে।

আলিয়া ভাট ও রণবীর কাপুর
শেষ আপডেট: 15 January 2026 15:13
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর শুধু সফল অভিনেতাই নন, তাঁদের কন্যা রাহার বাবা-মা হিসেবেও তাঁরা অনুরাগীদের কাছে ভীষণ প্রিয়। কাজের ব্যস্ততা হোক বা ব্যক্তিগত মুহূর্ত, যেখানেই একসঙ্গে দেখা যান, সেখানেই নজর কাড়েন এই তারকা জুটি।
সম্প্রতি কাজ ও অভিভাবকত্বের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে এক বন্ধুর রিসেপশনে যোগ দিতে দেখা গেল রণবীর ও আলিয়াকে। খবর অনুযায়ী, মুম্বইয়ে শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের রেস্তরাঁ Torii-তে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে রণবীর কাপুরকে দেখা যায় একটি কালো কুর্তা ও ভারী নকশাদার নেহরু জ্যাকেটে। দাড়িতে তাঁকে যথারীতি বেশ স্টাইলিশ দেখাচ্ছিল। তাঁর পিছনেই হাত ধরে হাঁটছিলেন আলিয়া ভট্ট। এই অনুষ্ঠানে আলিয়া বেছে নিয়েছিলেন নীল মোটিফে সাজানো ঝলমলে আইভরি রঙের শাড়ি। চুল বাঁধা ছিল পরিপাটি স্লিক বান-এ। গয়নার মধ্যে ছিল হালকা ডায়মন্ড কানের দুল এবং মাঝখানে নীল পাথর বসানো একটি পার্ল চোকার। মেকআপও ছিল নিখুঁত।
অনুষ্ঠান চলাকালীন দম্পতিকে ঢোলের তালে নাচতেও দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর ও আলিয়া দু’জনেই বেশ উপভোগ করছেন সময়টা।
কাজের দিক থেকে বর্তমানে আলিয়া ও রণবীর ব্যস্ত পরিচালক সঞ্জয় লীলা ভনসালির বহু প্রতীক্ষিত ছবি Love & War-এর শুটিংয়ে। এই ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। এছাড়া রণবীর কাপুরের হাতে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত Ramayana, যেখানে অভিনয় করছেন যশ, সানি দেওল ও সাই পল্লবী। অন্যদিকে আলিয়া ভট্ট প্রস্তুতি নিচ্ছেন যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশের, আসন্ন ছবি Alpha-র মাধ্যমে।