বর্তমানে মুম্বইয়ের বহু পরিবার ও রেস্তোরাঁ এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যায় পড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এই সঙ্কট তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশে এই সমস্যা প্রকট হয়েছে।

শেষ আপডেট: 17 March 2026 19:03
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে এখন গ্যাস সঙ্কট, খবরের শিরোনামে তা নিত্যদিন জায়গা করে নিয়েছে। ফলে অনেকেই আস্থা রাখছেন ইন্ডাকশন ওভেনে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নাও। সম্প্রতি মুম্বইয়ে চলা এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। মঙ্গলবার BMC-র সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সমস্যার কথা মাথায় রেখেই তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna) ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা করে ফেলেছেন।
‘মুম্বই ক্লিন লিগ’ -এর আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানে এলপিজি সঙ্কট নিয়ে প্রশ্ন করা হলে তিনি হালকা মেজাজে বলেন, এখনও পর্যন্ত তাঁদের বাড়িতে কোনও সমস্যা হয়নি। তবে আগাম সতর্কতা হিসেবে তাঁর স্ত্রী দু’টি ইনডাকশন ওভেন কিনে ফেলেছেন। অক্ষয়ের কথায়, “এখনও কোনও অসুবিধা হয়নি, তবে আমার স্ত্রী দু’টি ইনডাকশন অর্ডার করেছে। আপনারাও কিনে নিতে পারেন।”
যদিও সেই ওভেনগুলো বাড়িতে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন অভিনেতা। তিনি জানান, অর্ডার দেওয়া হয়েছে বলেই তিনি জানেন, তবে ডেলিভারি হয়েছে কি না, সে বিষয়ে তাঁর কাছে স্পষ্ট তথ্য নেই।
বর্তমানে মুম্বইয়ের বহু পরিবার ও রেস্তোরাঁ এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যায় পড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এই সঙ্কট তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশে এই সমস্যা প্রকট হয়েছে।
সব মিলিয়ে, চলতি সঙ্কটের মধ্যেও বিকল্প ভাবনার কথাই তুলে ধরলেন অক্ষয় কুমার, যা সাধারণ মানুষের মধ্যেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে কেবল তিনিই নন, সম্প্রতি একাধিক রিপোর্টে দেখা গিয়েছে, ইন্ডাকশন ওভেনের বিক্রি অনেকাংশ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে তার চাহিদাও তুঙ্গে।