এআই ব্যবহার করে ছবি, নাম ও কণ্ঠস্বরের অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করলেন অক্ষয় কুমার ও হৃতিক রোশন।

অক্ষয় কুমার
শেষ আপডেট: 15 October 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ছবি, নাম, এবং কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঢেউ লেগেছে ইন্ডাস্ট্রিতে। অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, সুনীল শেট্টি, এবং করণ জোহরের পর এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেতা অক্ষয় কুমার এবং হৃতিক রোশন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবির অপব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন এই দুই সুপারস্টার।
দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় অক্ষয় ও হৃতিক তাঁদের ব্যক্তিত্বের আইনি অধিকারের (Personality Rights) সুরক্ষা চেয়েছেন। তাঁদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া পেজ, তাঁদের নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। এর ফলে তারকাদের ব্যক্তিগত জীবন বিনোদনের সামগ্রী হয়ে উঠছে।
অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া পেজে তারকাদের নাম ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো। ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা বজায় না রেখে সেগুলিকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা।
AI প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ছবি এবং ভিডিও বিকৃত বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা। এই আবেদনের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মামলার শুনানি আজ, বুধবার হওয়ার কথা রয়েছে।
এই মাসের শুরুতেই প্রবীণ গায়িকা আশা ভোঁসলের পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ দায়ের করা হয়। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর ব্যক্তিগত তথ্য নিয়ে ব্যবসা করা হচ্ছে।
প্রসঙ্গত, এই ধরনের অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্ট এর আগেও কঠোর বার্তা দিয়েছিল। আদালত স্পষ্টভাবে জানিয়েছিল, কোনো ব্যক্তির ব্যক্তিগত ছবি, নাম বা কোনো তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে, পরপর তারকাদের অভিযোগ দায়েরের ঘটনা প্রমাণ করে যে, সমাজের কিছু অংশ এখনও প্রযুক্তির অপব্যবহার করছে, যার বিরুদ্ধে আদালত শীঘ্রই কঠোর পদক্ষেপ নিতে পারে।