পুরনো প্রেম নিয়ে বিস্ফোরক দাবি ঐশ্বর্যার। বিবেক ওবেরয়ও বললেন ভাইজান ফোনে হুমকি দিতেন!

সলমন খান ও ঐশ্বর্যা রাই
শেষ আপডেট: 8 August 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বহু প্রেমকাহিনি আছে, কিন্তু সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক যে ইতিহাস, তা মেনে নেন অনেকেই। এক সময় তাঁদের প্রেম ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। সঞ্জয় লীলা বনসালির 'হাম দিল দে চুকে সনম' ছবির সেট থেকেই নাকি শুরু সেই সম্পর্কের সূত্রপাত। দু’জনেই তখন জনপ্রিয়তার শিখরে। প্রেমে যেমন গভীরতা ছিল, তেমনই ছিল উন্মাদনা। আর শেষ পর্যন্ত সেই প্রেমের পরিণতি হয়েছিল তীব্র বিতর্কে মোড়া বিচ্ছেদ।
ঐশ্বর্যা নিজেই জানিয়েছিলেন, সেই সম্পর্কের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ও যখন মদ খেত, আচরণ হয়ে উঠত সাংঘাতিক। আমি পাশে থেকেও ভয়াবহ অভিজ্ঞতার শিকার হই। মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে হত আমায়।”
সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঐশ্বর্যার সঙ্গে নাম জড়ায় অভিনেতা বিবেক ওবেরয়ের। বিবেকও প্রকাশ্যে অভিযোগ করেন, সলমন তাঁকে ফোনে হুমকি দিয়েছিলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যদিও ভাইজান সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।
একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেন, “আমি যদি কাউকে আঘাত করতাম, তাহলে ঝগড়া হতোই। কিন্তু আমি কাউকে মারিনি। আমি রেগে যাই, সেটাও সত্যি। তবে আমি যদি ওকে সত্যিই মেরে থাকতাম, ও তা সহ্য করতে পারত না।”
তবে ঐশ্বর্যার অভিযোগ ছিল আরও বিস্তৃত। তিনি বলেন, ফোন না ধরলেই সলমন তাঁকে তাড়া করতেন, আচরণ করতেন অত্যন্ত খারাপ। বিচ্ছেদের পরেও সেই সম্পর্কের রেশ বহুদিন বলিউডে রয়ে গিয়েছিল।