দেবশ্রী, লিলি ও সংঘমিত্রা, তিন দাপুটে অভিনেত্রীর জন্মদিন আজ।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 8 August 2025 18:57
তিন অভিনেত্রীকেই সারা বাংলার লোক এক ডাকে চেনে। খুব দুর্বল মানের চিত্রনাট্যের ছবিও তাঁদের অভিনয় গুণে আর স্টারডমের আকর্ষণে হিট করে যেত চিরকাল। তাঁরা হলেন দেবশ্রী রায়, লিলি চক্রবর্তী ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রথম দু'জন আমাদের মধ্যে থাকলেও, তৃতীয় জন ২০১৬ সালেই প্রয়াত। তবু শিল্পীদের জন্মদিন তো উৎসবের। তাঁদের কাজেই তাঁরা বেঁচে থাকেন। দেবশ্রী, লিলি ও সংঘমিত্রা, তিন দাপুটে অভিনেত্রীর জন্মদিন আজ ৮ই অগস্ট।
দেবশ্রী রায় এ বছর জন্মদিন কেমন ভাবে কাটাচ্ছেন? এ বছর দেবশ্রীর মন খারাপ। কদিন আগেই গুরু পূর্ণিমার দিন হঠাৎ মারা গেলেন দেবশ্রীর দিদি তনুশ্রী। রুমকি-ঝুমকি জুটি হিসেবে তাঁরা ছয়ের সাতের দশকে খুব বিখ্যাত ছিলেন। তাঁদের কথা আজও ভোলেননি সেসময়ের মানুষরা। সেই রুমকি-ঝুমকি জুটি চিরতরে ভেঙে গেল। তাই দেবশ্রীর মন খারাপ। এতদিন দুই বোন একসঙ্গে পাশাপাশি ছিলেন। এই প্রথম তনুশ্রীকে ছাড়া জন্মদিন কাটাচ্ছেন দেবশ্রী। সেভাবে কোনও সেলিব্রেশনের মধ্যেই তাই নেই দেবশ্রী।
তরুণ মজুমদারের হাত ধরে অভিনয় জীবনে প্রথম খ্যাতি পান দেবশ্রী। দেবশ্রী নামও তরুণ মজুমদারের দেওয়া। এরপর মেনস্ট্রিম থেকে আর্ট ফিল্ম দু'ধরণের ছবিতেই প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন দেবশ্রী রায়। অভিনয় থেকে রাজনীতি সবেতেই তিনি নজর কেড়েছেন।
অন্যদিকে লিলি চক্রবর্তী সহ-অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। সাদা কালো থেকে রঙিন ছায়াছবি সবেতেই লিলি চক্রবর্তীর ইতিবাচক উপস্থিতি আর মিষ্টি হাসি দর্শকদের মন জিতে নেয়। আজও সিরিয়ালে জনপ্রিয় লিলি। তবে এখন দমদমের ফ্ল্যাটে বোনঝির পরিবারের সঙ্গে জন্মদিন কাটাচ্ছেন লিলি। লিলি চক্রবর্তী কিন্তু সহ-অভিনেত্রী হলেও কলকাতা ও বম্বে দু জায়গাতেই স্বর্ণযুগে সফল। গুলজার থেকে হৃষিকেশ মুখোপাধ্যায়ের হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/lily-chakraborty.jpg)
আর তৃতীয় অভিনেত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় উত্তমকুমারের 'কলঙ্কিনী কঙ্কাবতী' ছবি দিয়ে ডেবিউ করেছিলেন। উত্তমকুমারের হাত ধরেই তাঁর ছবিতে আসা। এরপর তাঁর 'অশ্লীলতার দায়ে' ছবি বিশাল আলোড়ন তুলেছিল। তবে চিত্রটা কয়েক বছরের মধ্যেই বদলে যায়। খলনায়িকার চরিত্রে বৌমা, ছোট বৌ দুটি ছবি হিট হতেই সংঘমিত্রা খলনায়িকা রূপে বিপুল জনপ্রিয়তা পান। এরপর টলিউডের আইকনিক খলনায়িকা রূপেই তিনি খ্যাতি পান।

পর্দায় খলনায়িকা হলেও বাস্তবে সংঘমিত্রা ছিলেন ভীষণ দরদি ও উদার মনের। হাতের রান্না ভীষণ ভাল। তেমনই ভাল ছিল কবিতা লেখার হাত। তবে ক্যানসারে বয়স ষাট না পেরোতেই মারা যান বাংলা ছবির গ্ল্যামারাস ভ্যাম্প। আজ সংঘমিত্রার জন্মদিনে তাঁর ছেলে বান্টি নিজের স্মৃতির ঘরে পালন করছেন মায়ের জন্মদিন। অনাথ,দুখী থেকে ক্যানসার রোগের সঙ্গে লড়াই করা মানুষদের সাহায্য করে সংঘমিত্রাকে শ্রদ্ধা জানান তাঁর ছেলে।