রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডে শুটিং নিরাপত্তা নিয়ে বিতর্ক তীব্র। সুন্দরবনে আউটডোর শুটিংয়ের ভয়ানক অভিজ্ঞতা জানালেন ভাস্বর চট্টোপাধ্যায়, কণীনিকার জীবনও যেতে পারত বলে দাবি।

ভাস্বর চট্টোপাধ্যায়, কণীনিকা ব্যানার্জী
শেষ আপডেট: 6 April 2026 18:00
দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর টলিউডে আউটডোর শুটিংয়ের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তা ক্রমশ তীব্র হচ্ছে। একের পর এক শিল্পী নিজেদের অভিজ্ঞতা সামনে আনছেন। এমনই এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। তাঁর পোস্ট ঘিরেই এখন নতুন করে প্রশ্ন উঠছে, আউটডোর শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়।
ভাস্বর চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে লেখেন, ২০০৫ সালে তিনি, কুনাল মিত্র, কণিনিকা ব্যানার্জী, প্রিয়া কারফা এবং দেবদূত ঘোষ সুন্দরবনে আউটডোর শুটিংয়ে যাচ্ছিলেন স্টিমারে। সেই সময় আচমকাই প্রবল ঝড় ওঠে। ঝড়ের মধ্যেই কণিনিকা ব্যানার্জীকে জোর করে একটি নৌকায় নামিয়ে শট দেওয়ার জন্য বাধ্য করা হয়। ভাস্বরের কথায়, তাঁরা সবাই প্রতিবাদ করেছিলেন, কণিনিকার মা কান্নাকাটি করেছিলেন, কিন্তু পরিচালক কোনও কথা শোনেননি। তাঁর মতে, সেদিন কণিনিকার জীবন পর্যন্ত চলে যেতে পারত।
পোস্টে তিনি আরও লেখেন, 'সুন্দরবনে পৌঁছে তাঁকে এবং অর্পিতা দিকেও নদীর পাড়ে শুটিং করতে বলা হয়। শুটিং শেষ হওয়ার পর স্থানীয় লোকজন হইহই করে এসে সতর্ক করেন যে ওই এলাকায় কামট থাকে এবং সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। ভাস্বরের মতে, এমন বহু বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে শিল্পীদের কাজ করতে হয়, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তাঁর কথায়, ঝড় একদিন না একদিন উঠবেই, আর দুঃখের বিষয়, রাহুলকে প্রাণ দিয়ে সেই বাস্তবতা বোঝাতে হল।'
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর থেকেই ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা প্রায় নীরব। ভাস্বর চট্টোপাধ্যায় ছাড়া কাউকেই রাহুলের শেষকৃত্যে বা টলিউডের প্রতিবাদ মিছিলে দেখা যায়নি বলে আলোচনা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে টলিউডে জোর চর্চা এবং সমালোচনাও চলছে।
এদিকে আর্টিস্টস ফোরাম ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে দুর্ঘটনার কারণ-সহ একাধিক বিষয়ে চিঠি দেয়। সেই জবাবে সন্তুষ্ট না হয়ে প্রিয়াঙ্কা সরকার আর্টিস্টস ফোরামের সদস্যদের সঙ্গে কলকাতার রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করেন। তালসারিতেও FIR করা হয়েছে। পাশাপাশি আগামী মঙ্গলবার, ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে টলিউড।
অন্যদিকে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র নতুন সিজনের কাজও শুরু হয়ে গিয়েছিল। উজান-কুইন গল্প শেষ হওয়ার আগেই শুরু হয় তৃতীয় সিজন, যেখানে দুই বোন রূপাঞ্জনা ও নীলাঞ্জনার গল্প দেখানো হবে। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগতা শ্রেয়া বসাক। নতুন সিজনের নায়ক হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা আদিত্য বক্সি, ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম অভিনব সেন। ইতিমধ্যেই তিনি নতুন চরিত্রে শুটিং শুরু করেছেন।
তবে পরিস্থিতি এখন অনিশ্চিত। আগামী ৭ এপ্রিল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য টলিপাড়ার সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবিবার বিবৃতি প্রকাশ করে আর্টিস্ট ফোরাম এই তথ্য জানিয়েছে। ফলে নতুন সিজন শুরু হলেও আপাতত বন্ধই থাকছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং ফ্লোর।