টলিউড থেকে সরাসরি সংসদ! লাল পাড় সাদা শাড়িতে বাংলায় শপথ নিয়ে নতুন রাজনৈতিক জীবন শুরু করলেন কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক
শেষ আপডেট: 6 April 2026 16:54
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের পর্দা থেকে সরাসরি দেশের সংসদ, এই পথচলা খুব একটা দেখা যায় না। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম ঘোষণা হতেই চমকে উঠেছিল অনেকেই। রাজনীতির সঙ্গে তাঁর নাম আগে কখনও জড়ায়নি, ফলে এই সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। মনোনয়ন জমা দেওয়ার পর এবার দিল্লিতে রাজ্যসভায় (Rajya Sabha) সাংসদ হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কোয়েল।
শপথ গ্রহণের সময় অভিনেত্রী নিজের আসল নাম রুক্মিণী মল্লিক হিসেবেই শপথ নেন, যা বিশেষভাবে নজর কাড়ে। বাংলায় শপথ নেওয়ার মুহূর্তও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এদিন তাঁকে লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভায় দেখা যায়। শপথের সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর সেখানেই উঠে এসেছে নানা প্রতিক্রিয়া। কেউ তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ মনে করছেন ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল।
কিছুদিন আগেই স্বামী নিসপাল সিং রানের হাত ধরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন কোয়েল। তাঁর পাশে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেছিলেন, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তাঁর। এই দায়িত্বকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে মানুষের সেবা করতে পারবেন এবং দেশের কাজে নিজেকে উৎসর্গ করতে পারবেন।
রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে কোয়েল জানান, বিষয়টি আগে থেকে খুব বেশি পরিকল্পনা করে ভাবা হয়নি। তবে দেশের সেবা ও মানুষের জন্য কাজ করার সুযোগকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন। তাঁর কথায়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া জীবনের অন্যতম বড় দায়িত্ব, আর সেই সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
এর আগে কোয়েলকে কখনও কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। এমনকি রাজনীতিতে আসার কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি। তাই তাঁর নতুন ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে নানা মহলে। অভিনেত্রী শতাব্দী রায় এই খবর পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, কোয়েল খুব ভালো মেয়ে এবং মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই ভাল ফল করবে বলে তাঁর বিশ্বাস।
তবে অনুরাগীদের মধ্যে মতভেদ স্পষ্ট। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, আবার অনেকেই হতাশ হয়েছেন। কারণ, কোয়েল বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। বিয়ে, দুই সন্তান—সবকিছুই তিনি প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। তাই তাঁর হঠাৎ রাজনীতির ময়দানে পা রাখা অনেককেই অবাক করেছে।